শসাক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৭
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসাক্ষেত রক্ষা করতে পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সাকিব হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসাক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাকিব হোসেন কড়িয়া (লকমা) এলাকার মো. আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর তাঁর শসাক্ষেতে শিয়ালের আক্রমণ ঠেকাতে জমির চারপাশের বেড়ার সঙ্গে ছেড়া-ফাটা বৈদ্যুতিক তার জড়িয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। গত শনিবার রাতের কোনো এক সময় সাকিব হোসেন অসাবধানতাবশত ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরদিন রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসাক্ষেতে তাঁর পেঁচানো অবস্থায় সাকিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।