স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
ফাইল ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৭
কিশোরগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় শাশুড়ির দায়ের করা মামলায় জামাতার মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত। সোমবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়।
দণ্ডিত আসামি হলেন বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের উত্তর সরারচর গ্রামের প্রয়াত আয়েত আলীর ছেলে ইসমাইল ওরফে সাগর মিয়া (৪২)। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি মো. রহম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, একই ইউনিয়নের নিলখী নয়াহাটি গ্রামের প্রয়াত তোফাচাঁনের মেয়ে ঝর্ণা আক্তার (২৭) ও সাগরের বিয়ে হয় ঘটনার প্রায় ১০ বছর আগে। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। সাগর চাকরির সুবাদে স্ত্রী ও সন্তানদের নিয়ে গাজীপুরে থাকতেন। সেখানে তিনি প্রায়ই স্ত্রী ঝর্ণাকে শারীরিক নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১১ এপ্রিল রাতে ঝর্ণা দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। পরদিন রাত ৮টার দিকে সাগর অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তিকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ঝর্ণাকে ডাকাডাকি করেন। সে সময় ঝর্ণা রান্না করছিলেন। ডাক শুনে বাইরে বের হলে সাগর তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে ঝর্ণাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় সাগরসহ অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি ছিল ১৪ নম্বর।
তদন্ত শেষে একমাত্র আসামি সাগরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।