পাকিস্তানে পঙ্গপাল এখন হাঁস-মুরগির খাবার!
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০১:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জাল মেরে মেরে পঙ্গপাল ধরো, তারপর সেগুলোকে কারখানায় নিয়ে প্রক্রিয়াজাত করে কেজি দরে বাজারে বিক্রি করো। ব্যস, হাঁস-মুরগির খাবারের যেমন সংস্থান হবে তেমনি পঙ্গপালের সংখ্যাও কমতে থাকবে উল্লেখযোগ্য হারে। পঙ্গপাল-মোকাবিলার এমন কৌশল উদ্ভাবন করেছেন পাকিস্তানের ওকরা জেলার কর্মকর্তারা। খবর ডন অনলাইনের।
পঙ্গপালের আক্রমণে দিশেহারা পাকিস্তানের কৃষকরা। এই পোকার আক্রামণে ইতোমধ্যে ধ্বংস হয়েছে দেশটির মাঠের ফসল। নষ্ট হয়েছে গাছের ফলও। এতে কয়েক কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে। এরকম অবস্থায় যন্ত্রণা থেকে কৃষকদের মুক্তি দিতে এই 'পাইলট প্রজেক্ট'।
কৌশলটি বের করেছেন দেশটির কৃষি গবেষণা কাউন্সিলের বায়োটেকনোলজিস্ট জোহর আলী ও খাদ্য সুরক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহাম্মদ খুরশিদ।
তারা বলেন, এই প্রজেক্টটি যখন হাতে নেওয়া হয়, তখন অনেকেই তাদের নিয়ে হাসি-ঠাট্টা করেছিল। কারণ মানুষ ভাবতে পারেনি যে, এ পোকা ধরে হাঁস-মুরগির খাবার হিসেবে বাজারে বিক্রি করা যাবে।
পঙ্গপাল ধরা খুব সহজ উল্লেখ্য করে তারা জানান, ২০১৯ সালে ইয়েমেনে পঙ্গপাল হানা দিলে এভাবেই পোকাটির আক্রমণ প্রতিরোধ করা হয়। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।
গত বছর মার্চে প্রথম পাকিস্তানে পঙ্গপালের আক্রমণ দেখা দেয়। এরপর তা দেশটির সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও দক্ষিণ পাঞ্জাবে ছড়িয়ে পড়ে। পোকাটির আক্রমণে দেশটির ৯ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার এটিকে জরুরি অবস্থা ঘোষণা করে। পাশাপাশি পঙ্গপাল মারতে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রকল্প হাতে নেওয়া হয়। এই পরিকল্পনার আওতায় আক্রান্ত অঞ্চলে ৩ লাখ লিটার কীটনাশক ছিটানো হয়।