ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার নোটিশ যুক্তরাষ্ট্রের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার নোটিশ যুক্তরাষ্ট্রের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০০:০৫

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক নোটিশ দিয়েছেন।

করোনাভাইরাস মোকাবেলায় সংস্থাটির ভূমিকা নিয়ে নাখোশ ট্রাম্প গত মে মাসেই নিজেদের প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। তখন সংস্থাটিতে তহবিল প্রদান বন্ধেরও হুমকি দিয়েছিলেন তিনি। খবর বিবিসি ও এএফপির।

মহামারি করোনাভাইরাসে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, ঠিক এমন সময়েই এই বিতর্কিত পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। তবে এ সিদ্ধান্তের সমালোচনা করে আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই ডব্লিউএইচওতে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন। তিনি বলেন, আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে গিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের আসন ফিরিয়ে আনবো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে। আনুষ্ঠানিক নোটিশ দিলেও সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের পুরোপুরি বেরিয়ে যেতে এক বছর সময় লাগবে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফের ডুজারিক যুক্তরাষ্ট্রের নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, আগামী ২০২১ সালের ৬ জুলাই সিদ্ধান্ত কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১৯৪৮ সালের যৌথ রেজ্যুলেশন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে এক বছরের সময় দিয়ে নোটিশ দিতে হয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে আর্থিক সহযোগিতাও দিয়ে যেতে হবে।

সংস্থাটির সবচেয়ে বড় তহবিলদাতা যুক্তরাষ্ট্র প্রতিবছর ৪০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়ে থাকে। ডব্লিউএইচও’র ওয়েবসাইটের তথ্য অনুসারে, সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিশ্রুত ২০ কোটি ডলার এখনও পায়নি।

৭০ বছরের বেশি সময় ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে থাকার পর করোনাভাইরাস মহামারিতে সংস্থাটিকে ‘চীনের পুতুল’ বলে অভিযোগ তুলে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিলো ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ার পর ট্রাম্প বলেছিলেন, তিনি মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এই সংস্থা ও চীন মিলে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে করোনাভাইরাসের ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। এরপর ১৮ মে এক চিঠিতে ডব্লিউএইচওকে সংস্কারের জন্য ৩০ দিনের আলটিমেটাম দেন ট্রাম্প।

আরও পড়ুন

×