ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নোবেলজয়ী মারিয়া রেসা

জাকারবার্গ-মাস্করা সবচেয়ে বড় স্বৈরশাসক

জাকারবার্গ-মাস্করা সবচেয়ে বড় স্বৈরশাসক
×

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া রেসা। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ২২:৩০

মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মতো প্রযুক্তি খাতের কর্তাব্যক্তিরাই এখন ‘সবচেয়ে বড় স্বৈরশাসক’। এমন মন্তব্য করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া রেসা। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসাকে ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। খবর দ্য গার্ডিয়ানের। 

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের শাসনামলে বিভিন্ন মামলায় কয়েক বছর ধরে ভুগতে হয়েছে তাঁকে। সেই লড়াই চালিয়ে আসা মারিয়া বলেন, মার্ক জাকারবার্গের তুলনায় দুতার্তে ‘অনেক ছোট স্বৈরশাসক’ ছিলেন। ইলন মাস্কের ক্ষেত্রেও বিষয়টি একই।

যুক্তরাজ্যের ওয়েলসের পাওয়েজ শহরে ‘হে সাহিত্য সম্মেলনে’ বক্তব্যে তিনি বলেন, জাকারবার্গ ও মাস্ক এটা প্রমাণ করেছেন, সংস্কৃতি, ভাষা বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে আমাদের সবার মধ্যে মিলই বেশি রয়েছে অমিলের চেয়ে। কারণ, একইভাবে আমাদের সবার মগজধোলাই করা হচ্ছে। আমরা কীভাবে উপলব্ধি করি, তা বদলে দেওয়ার সক্ষমতা আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর। ফলে তা আমাদের বিশ্বকে দেখার পদ্ধতি বদলে দিচ্ছে এবং আমরা কীভাবে পদক্ষেপ নিই, সেটাও পাল্টে দিচ্ছে।

মারিয়া বলেন, অনলাইনে জাতি, ধর্ম-বর্ণ, গোত্রসহ এ ধরনের যে কোনো বিষয়ে আলোচনা করলে, তা বিশ্বজুড়ে একই ধরনের মেরূকরণ তৈরি করেছে। এসব বিতর্ক সেসব প্রশ্ন সামনে নিয়ে আসে যেগুলোকে আমরা মুক্তচিন্তা বলে মনে করি, কিন্তু সেগুলো আসলে তা নয়।

আরও পড়ুন

×