ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

থাইল্যান্ডে বন্যায় আটজন নিহত, ব্যাংককসহ প্লাবিত ২৭ প্রদেশ

থাইল্যান্ডে বন্যায় আটজন নিহত, ব্যাংককসহ প্লাবিত ২৭ প্রদেশ
×

বন্যার পানির মধ্যে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান বাসিন্দারা। সোমবার ব্যাংককে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০০

থাইল্যান্ডে চলতি মাসের মাঝামাঝিতে শুরু হওয়া বন্যায় আটজন নিহত হয়েছেন। রাজধানী ব্যাংককে এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ভারী বৃষ্টির কারণে শহরটিকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করা হয়েছে।

দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন অধিদপ্তরের (ডিডিপিএম) তথ্য অনুযায়ী, যে আটজন মারা গেছেন তারা পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর বাসিন্দা। ব্যাংককের বাইরে ২৭টি প্রদেশে বন্যায় ৫ লাখের বেশি পরিবার ও ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫২ হাজার পরিবার। গত শনিবার প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে পানি বেড়ে সড়ক প্লাবিত হয়। সোমবার ডিডিপিএম জানিয়েছে, সেখানকার পানির উচ্চতা স্থিতিশীল আছে। এএফপির সাংবাদিকরা শহরটির একাংশে বাসিন্দাদের উরু সমান পানির ভেতর দিয়ে চলাচল করতে দেখেছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকালে সড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় কম ব্যস্ততা দেখা গেছে। সরকারের মুখপাত্র এক্কাপব পিয়ানপিসেস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ব্যাংককের কিছু এলাকায় এখনও পানির উচ্চতা বেশি।

থাইল্যান্ডে বর্ষাকালে বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। সেপ্টেম্বর মাস সবচেয়ে বৃষ্টিপ্রবণ সময়। অনেক বাসিন্দার মতে, এবার আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন

×