খুলনা সিটি নির্বাচন
ইভিএমে ভোট কারচুপির শঙ্কা জাপা প্রার্থী মধুর
বাগেরহাট প্রতিনিধি, খুলনা থেকে
প্রকাশ: ১২ জুন ২০২৩ | ১০:১২ | আপডেট: ১২ জুন ২০২৩ | ১০:১৩
ইভিএম মেশিনে ভোট নিতে অনেক সময় লাগছে বলে দাবি করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল মার্কার মেয়র প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু। এতে ভোট কারচুপি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার সকালে খুলনা সিটি নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাপা প্রার্থী।
এর আগে নগরীর ১৭নং ওয়ার্ডের সোনাডাঙ্গা আবাসিক এলাকার কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।
মধু বলেন, আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। এর মধ্যে চারটি কেন্দ্রে আমি ইভিএম মেশিন বন্ধ পেয়েছি। সেখানকার ভোটাররা ভোট দিতে পারছেন না। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না সে বিষয়গুলো খতিয়ে দেখা দরকার।
তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি।
এ সময় ইভিএম পরিচালনায় প্রিজাইডিং কর্মকর্তাদের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মধু। তিনি বলেন, অনেক প্রিজাইডিং কর্মকর্তা ইভিএম পরিচালনায় দক্ষ না। তাদের অদক্ষতার কারণে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে। ভোট দিতে পারছে না। তাদের ভোট দিতে অনেক সময় লাগছে।
তিনি আরও বলেন, এই বিষয়গুলো আমি এর আগেও বারবার বলেছি। এখন আবার আপনাদের বললাম।