আট দিন পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
ছবি: ফাইল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৯
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রোববার দুপুরে পুনরায় উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
গত ১৩ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। আনোয়ারুল আজিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সব সময় চেষ্টা করি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখতে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে কোনো একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ হওয়া স্বাভাবিক। ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয়।’ তিনি আরও বলেন, কেন্দ্রটির দুটি ইউনিটেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চলছে। কেন্দ্রটিতে কয়লার পর্যাপ্ত মজুত রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষে পুনরায় চালু করা ইউনিটটি থেকে প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
- বিষয় :
- বাগেরহাট