ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আদালতে গাজী নজরুল

‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না’

‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না’
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৪১

কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমের মৃত্যুর ঘটনায় নিজের ও প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে (মরিয়াম) আত্মহত্যা করেছে।’

মরিয়াম কেন আত্মহত্যা করেছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি জানি না।’ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও অস্বীকার করেন তিনি।

এ সময় তার পাশে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। শুনানির পুরো সময় দুজনকে কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একপর্যায়ে মাকছুদা দুই হাতের ওপর মাথা রেখে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর মাথা তুলে কিছুটা পেছনে সরে যান তিনি।

তখন স্ত্রীকে গাজী নজরুল জিজ্ঞেস করেন, তার খারাপ লাগছে কি না। মাকছুদা জবাব দেন, ‘না’। পরে মাকছুদার হিজাব কিছুটা মাথার ওপর উঠে গেলে নজরুল তাকে হিজাব নিচে নামাতে বলেন। এরপর মাকছুদা হিজাব ঠিক করে নেন। শুনানির সময় মাকছুদাকে কিছুটা উদ্বিগ্ন দেখা গেলেও গাজী নজরুলকে তুলনামূলক স্বাভাবিক ছিলেন।

আদালতে নেওয়ার সময় গাজী নজরুল ও মাকছুদার হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। পরে তাদের কাঠগড়ায় নেওয়া হলে এসব খুলে দেওয়া হয়। এরপর তারা পাশাপাশি দাঁড়িয়ে মামলার শুনানি শোনেন।

এদিন দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে আনা হয়। দ্বিতীয় স্ত্রী মরিয়ামকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে।

শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়ামের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল, মাকছুদা ও মরিয়ামের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

আরও পড়ুন

×