ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রমোদতরীর ছবি নিয়ে ঝড়

প্রমোদতরীর ছবি নিয়ে ঝড়
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ০৮:১৩

বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী ‘আইকন অব দ্য সিস’ সাগরে ভাসতে প্রস্তুত। ফিনল্যান্ডের শিপইয়ার্ডে নির্মিত জাহাজটি সম্প্রতি ট্রায়াল রান শেষ করেছে। বিস্ময় সৃষ্টি করা জাহাজ টাইটানিকের চেয়ে কয়েক গুণ বড় প্রমোদতরীটি আগামী জানুয়ারি মাসে সাগরে ভাসবে।

জাহাজটি ঘিরে আমোদপ্রেমীদের আগ্রহের শেষ নেই। তবে গত জুলাইয়ে প্রকাশিত জাহাজের কিছু ছবি নিয়ে ইন্টারনেটে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে।

রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল সংস্থার এ জাহাজ ১ হাজার ১৯৮ ফুট দীর্ঘ (টাইটানিকের চেয়ে ৩১৬ ফুট বেশি) ও ১৫৯ ফুট চওড়া। এর রয়েছে ২০টি ডেক। যাত্রী, ক্রুসহ প্রায় ১০ হাজার মানুষ ধারণক্ষমতার জাহাজটিতে আছে ওয়াটার পার্ক, পুল ডেক, অ্যাকোয়া ডোম, অ্যাকোয়া থিয়েটার, সত্যিকারের গাছপালাসহ পার্ক, সুইম-আপ বারসহ ৪০ ধরনের বিনোদনের ব্যবস্থা।

জুলাইয়ে জাহাজটির প্রকাশিত কয়েকটি ছবির মধ্যে একটিতে সুইমিং পুল দেখা যায়, যেখানে সাঁতারের পোশাক পরে নারী-পুরুষ বসে আছেন। কেউ কেউ সন্তান নিয়ে হাঁটছেন। আরেক ছবিতে অনেক মানুষকে কৃত্রিম জলপ্রপাতের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। এসব ছবিতে শিল্পীর হাতের ছাপ স্পষ্ট। জাহাজটিকে স্পন্দনশীল রঙে চিত্রিত করা ছবিগুলো দেখে নানা রকম মন্তব্য আসছে। কেউ বলছেন, এটি বেশি চটকদার ও অশ্লীল। কেউ একে তুলনা করেছেন অনেক ধরনের খাবারে ভরা থালার সঙ্গে। কেউ বলছেন, এটি বিশৃঙ্খল ও অগোছালো।

মনোবিজ্ঞানী জোনাথন আব্রামোভিটস মনে করেন, এসব ছবি বেশ বিরক্তিকর ও বিভ্রান্তিকর। সিএনএন।

আরও পড়ুন

×