ঈশ্বরগঞ্জে বিনামূল্যে কেনাকাটার হাট
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২ | ০৯:০২ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ | ০৯:০২
ঈশ্বরগঞ্জে ফ্রি হাটের মাধ্যমে সামর্থহীন মানুষ পাচ্ছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রমজানের প্রথম দিনে মুক্তির বন্ধন ফাউন্ডেশন ফ্রি হাটের আয়োজন করেছে। রোববার মাসব্যাপী এই হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উপজেলা আঠারবাড়ি ইউনিয়নের ইরা এলপিজি ফিলিং স্টেশন চত্বরে গত কয়েক বছরের মতো এবারও ফ্রি হাটের আয়োজন করা হয়। সুসজ্জিত হাটে থরে থরে সাজানো টাটকা সবজি আলু, বেগুন, টমেটো, মিস্টি কুমড়া, লাউ, পিঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মাছ, খেজুর এবং মুড়ি। খালি ব্যাগে ভরে এসব জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরেছে অসহায় মানুষ। সকাল থেকে বাছাই করা ৪ শতাধীক মানুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দ অনুযায়ী পণ্য নিয়ে যান। ব্যাগভর্তি বাজার এককভাবে বহন কষ্টসাধ্য বিধায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা কিছুদূর বহন করে দেন।
সহিলাটি গ্রামের রুস্তম আলী বলেন, 'আমার জীবনে এতো বাজার একলগে কোনোদিন নিজের জন্য করতে পারি নাই। তারা মাগনা দিল। রোজার মাসে খাওন লইয়া, আর চিন্তা করন লাগবো না।'
মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়কারী আজহারুল ইসলাম পলাশ জানান, ফ্রি হাটের মাধ্যমে সুন্দর পরিবেশে অসহায় মানুষকে পণ্য দিচ্ছে। রমজান মাসে মোট চারটি ফ্রি হাট বসবে। এর মধ্যে তিনটি সবজি ও একটি ঈদের হাট। এসব হাটে এক হাজার ২০০ অসহায় পরিবার এসব সামগ্রী পাবে। ঈদের হাটে নতুন জামা-কাপড়, সেমাই চিনি ও শিশুদের জন্য খেলনা বিনামূল্যে বিতরণ করা হবে।'
জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, এই উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে ক্রয়সামর্থহীন মানুষ উপকৃত হচ্ছে।
ফ্রি হাটে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে জুবের আলম কবীর রূপক প্রমুখ।