ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগ কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি: সালাম

আ.লীগ কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি: সালাম
×

নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৩:৩২ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৩:৪৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, জনগণের অধিকার কুক্ষিগত করে, গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে বন্দি করে রাখে। এসব কারণে আজ তারা জনবিচ্ছিন্ন। অতীত ঘাঁটল দেখা যাবে, তারা কখনই স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। অতিরিক্ত অন্যায়-অবিচারের কারণে তাদের পতন হয়েছে। এবারও তাদের পতন অনিবার্য। 

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। 

সালাম বলেন, ‘আজ বিচারের নামে প্রহসন চলছে। পুরোনো মামলা সচল করে দ্রুত নিষ্পত্তি করে বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। মূলত আন্দোলন ও নির্বাচনের মাঠ ফাঁকা রাখতে এমন কাজ করছে সরকার। আমরা তো আগেই বলেছি, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর আন্দোলনের মাঠ ফাঁকা থাকবে না। কারণ, এ আন্দোলনে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়ে গেছে। কত লাখ মানুষকে গ্রেপ্তার করবেন?’ 

তিনি বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য সরকার অনেক ফন্দি-ফিকির করেছে। কোনটাই আলোর মুখ দেখেনি। আওয়ামী লীগ চারদিকে অন্ধকার দেখছে। আর জনগণ আশার আলো দেখতে পাচ্ছেন। স্বৈরাচারী শাসনের পতন অচিরেই ঘটবে, আর গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবেন জনগণ। 

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মো. মোহন, হারুন অর রশিদ, লিটন মাহমুদ, আনম সাইফুল ইসলাম, এসকে সেকান্দর কাদির, স্বেচ্ছাসেবক দলের জহির উদ্দিন তুহিন, মহিলা দলের রুমা আক্তার, শাহিনুর নার্গিস প্রমুখ।

আরও পড়ুন

×