নতুন সংগঠন গঠনের দিনই ‘ছাত্রলীগের হামলার শিকার’
গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন হামলার শিকার হন। ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ২০:১১ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ২০:১১
গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে নতুন ছাত্র সংগঠন গঠন করে ফেরার পথে আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ ১১ নেতা ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংগঠনের নেতাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী নেতাকর্মীরা তাদের ওপর এ হামলা চালিয়েছে।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে টিএসসিসংলগ্ন পরমাণু শক্তি কমিশনের গেটে ঘটনাটি ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে তানভীর হাসান সৈকত ‘হামলাকারীদের’ বিচার দাবি করেছেন।
হামলায় আহতরা হলেন– গণতান্ত্রিক ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও আসাদুল্লাহ আল গালিব, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক ফয়সাল হাসান ও নুসাইবা তাসনিম সাবা, যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ, সদস্য নিশিতা জামান নিহা, আব্দুল্লাহ আল মাহমুদ, সুমনা শারমিন ও সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন জানিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ১০-১২ জনের মতো চিকিৎসা নিয়েছেন। তবে আখতার ছাড়া কারও অবস্থা গুরুতর নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল আখতার হোসেন ডাকসু ভবনের সামনে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে নতুন সংগঠনের ঘোষণার পর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে রিকশা নিয়ে ফেরার সময় ঢাবির কবি জসীমউদ্দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও জগন্নাথ হল ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে থামান। সেখানে রিকশা থেকে নামিয়ে আখতারকে মারধর করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরাও মারধরের শিকার হন। পরে মোটরসাইকেলে হামলাকারীরা স্থান ত্যাগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত সমকালকে বলেন, ‘আমি ঘটনার নিন্দা জানাই। এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি। ছাত্রলীগের কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘আখতার আমাকে ও সভাপতিকে (মাজহারুল ইসলাম শয়ন) ফোন করে সহযোগিতা চেয়েছে। আমরাও তাকে আশ্বাস দিয়েছি। সে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে চেয়েছে, আমি তাকে ডাকসুর সামনে করতে বলেছি। তারা সেখানে সংবাদ সম্মেলন করেছে, রাজু ভাস্কর্যে সমাবেশ করেছে। কেউ তাদের বাধা দেয়নি। তাদের বাধা দিলে তো আমরা আগেই দিতে পারতাম। তার সঙ্গে তো আমাদের আদর্শিক দ্বন্দ্ব নেই।’
এদিকে শিক্ষা, শক্তি ও মুক্তি স্লোগানে আখতার হোসেনকে আহ্বায়ক ও নাহিদ ইসলামকে সদস্য সচিব করে গণতান্ত্রিক ছাত্রশক্তির ২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চিন্তক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান। একই সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আহ্বায়ক ও আবু বাকের মজুমদারকে সদস্য সচিব করে ৩৩ সদস্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।