ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মঞ্জুরুলের প্রার্থিতা ফেরাতে রিটের শুনানি আজ

কুমিল্লা-৪ আসন

বিএনপির মঞ্জুরুলের প্রার্থিতা ফেরাতে রিটের শুনানি আজ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরপরই প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে রিট করেন। এই রিটের ওপর গতকাল মঙ্গলবার আংশিক শুনানি হয়। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে শুনানি আজ বুধবার পর্যন্ত স্থগিত করা হয়। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ গতকাল এদিন ঠিক করেন।

এদিন আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে মঞ্জুরুল মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়।

আরও পড়ুন

×