লাইমলাইট গ্রামার স্কুল
মেধাবৃত্তি পরীক্ষায় আলোর মেলা
শিক্ষক কল্যাণ সমিতির মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ২২:৩৯
শিক্ষক কল্যাণ সমিতির (এসকেএস) উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী লাইমলাইট গ্রামার স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে মেধাবীদের এই পরীক্ষা। সকাল থেকেই নগরের বিভিন্ন স্থান থেকে সন্তানদের সঙ্গে নিয়ে কেন্দ্রে আসতে থাকেন অভিভাবকরা। মেধা যাচাইয়ের এই পরীক্ষায় অংশ নিতে পেরে স্কুল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
লাইমলাইট গ্রামার স্কুল কেন্দ্র পরিদর্শন করেন এলজিএস এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশিদ আলম, কেন্দ্র সচিব রাশেদা নুর, লাইমলাইট গ্রামার স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া আখতার প্রমুখ।
অধ্যাপক মো. খুরশিদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এমন মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে খুদে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানকে ঝালিয়ে নিতে পারবে। বৃত্তি পাওয়ার চেয়ে আমি মনে করি পরীক্ষায় অংশ গ্রহণ করা সবচেয়ে বড়।’
প্রধান শিক্ষক সুরাইয়া আখতার বলেন, ‘লাইমলাইট গ্রামার স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১১৮ জনকে মেধাবৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত করি আমরা। চট্টগ্রাম নগরের আরও অনেক ঐতিহ্যবাহী স্কুল এই পরীক্ষায় অংশ নিয়েছে। সেখানে আমরাও অংশ নেওয়ায় স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এমন নতুন নতুন পরীক্ষা ও উদ্যোগের সঙ্গে সবসময় থাকে লাইমলাইট গ্রামার স্কুল।’
কেন্দ্র সচিব রাশেদা নুর জানান, শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চট্টগ্রাম নগরের লাইমলাইট গ্রামার স্কুলসহ ৯টি কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত দুই মাস ধরে বিশেষ এই মেধাবৃত্তির ফরম পূরণসহ নানা কার্যক্রম শুরু হয়। তিনটি ক্যাটেগরিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। আগামী ১২ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’
লাইমলাইট গ্রামার স্কুলের কয়েকজন অভিভাবক বলেন, ‘মেধা যাচাইয়ের এই পরীক্ষায় আমাদের সন্তানরা অংশ নিতে পারায় আমরা আনন্দিত। সামনে তাদের বার্ষিক পরীক্ষা; এর আগে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন সত্যি প্রশংসনীয়। এই পরীক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের ভুল-ত্রুটি, কোন বিষয়ে তারা দুর্বল ও কোন বিষয়ে ভালো তা জানার সুযোগ হবে। পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তানরাও উৎফুল্ল।’
- বিষয় :
- মেধাক্রম