ভার্জিনিয়ার আর্লিংটনে 'বৈশাখী মেলা' অনুষ্ঠিত
ছবি- সমকাল
ওয়াশিংটন ডিসি প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯ | ১২:৫০
বাংলা নববর্ষকে বরণ এবং প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাঙালী সংস্কৃতিকে তুলে ধরতে ভার্জিনিয়ার আর্লিংটনে 'বৈশাখী মেলা' অনুষ্ঠিত হয়েছে।
রোববার ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এবং আর্লিংটন কাউন্টি বোর্ড চেয়ারম্যান খৃস্টান ডোর্সি আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। বৃহত্তর ওয়াশিংটন ডিসির অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি (একাংশ)' এই মেলার আয়োজন করে।
মেলার বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট নাট্য শিল্পী মেহের আফরোজ শাওনের মন মাতানো গান। তিনি 'জন্ম আমার ধন্য হলো মাগো', 'বকুল ফুল বকুল ফুল', 'একটা ছিল সোনার কন্যা', 'এসো হে বৈশাখ' ইত্যাদি গান গেয়ে দর্শকদের মন মাতান। এর আগে তিনি প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের লেখা বইয়ের একটি স্টলে বসেন।
অন্যান্যের মধ্যে বিশিষ্ট নাট্য শিল্পী আজিজুল হাকিমের গান, নাট্যকার জিনাত হাকিমের প্রশ্নোত্তর, বাউল শিল্পী কালাচাঁদ সরকার ও মেট্রো বাউল খ্যাত জাফর রহমানের গান শ্রোতাদের আনন্দ দেয়।
মেলায় বাংলার ঐতিহ্যবাহী খাবার, নানা রঙ্গের শাড়ি ও বিভিন্ন পোষাকের স্টলও বসে।
- বিষয় :
- ভার্জিনিয়া
- আর্লিংটন
- বৈশাখী মেলা