ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২০
এমন সময় আসছে, ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি-মুনাফিকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচন আসছে। অনেকে বিভিন্নভাবে ভোটে জয়ী হওয়ার জন্য ফ্যাসিস্টের সঙ্গে আঁতাতের চেষ্টা করছেন। ওই ফ্যাসিস্টরা যেন ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের দলের কার্যক্রমকে, সরকারের কার্যক্রমকে মাঠে-ঘাটে, হাটে-বাজারে প্রচার করতে পারি, আমার বিশ্বাস ওই গুপ্ত-সুপ্তরা ঐক্য হয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে এক দলের নেতার বক্তব্যে পরিষ্কার হয়েছি যে, কারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়। যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ, যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট, সেখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে।
ফরহাদ হোসেন বলেন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন— প্রত্যেকটিতেই জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান অনস্বীকার্য এবং তা পরীক্ষিত।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।