ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সৌন্দর্যশিল্পের নারী উদ্যোক্তাদের গল্প ‘চলো এগিয়ে যাই’

সৌন্দর্যশিল্পের নারী উদ্যোক্তাদের গল্প ‘চলো এগিয়ে যাই’
×

বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘চলো এগিয়ে যাই’শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৭

সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’। এটি সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্পের সংকলন। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস। 
সম্প্রতি রাজধানীর বনানীর নটর ডেম ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে সৌন্দর্যশিল্প খাতের উদ্যোক্তা, লেখক, কবি, সাংবাদিক, সৌন্দর্য বিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সূচনা সংগীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন অন্তরা রায়চৌধুরী। স্বাগত বক্তব্য দেন লাইফস্টাইল সাংবাদিক লাবণ্য লিপি। তিনি বলেন, ‘আফরোজা পারভীন শুধু যে উদ্যোক্তাদের তুলে এনেছেন, এমন নয়; বরং তাঁদের স্বাবলম্বী হতে এবং সমাজে ভূমিকা রাখতে মানসিক শক্তি জুগিয়েছেন। একসময় যারা ঘরে কথা বলতেও সাহস পেতেন না, তাঁরা এখন শুধু পরিবারকেই নয়, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছেন।’
সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলামাস খান এ আয়োজনের প্রশংসা করেন এবং বাংলাদেশের সৌন্দর্যসেবা খাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
বাংলাদেশ উইমেনস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সংগীতা আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান তাঁদের বক্তব্যে নারীদের পথচলার বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরেন। সব বাধাবিপত্তি অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে—এ জন্য উভয়েই নারী হিসেবে গর্ববোধ করেন বলে জানান।
বইয়ে স্থান পাওয়া উদ্যোক্তাদের মধ্যে থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন মারুফ মুন্না, মহসিনা মুন্নি ও ইকরা আহসান চৌধুরী। তাঁদের প্রত্যেকের জীবনেই রয়েছে নানা সময়ের নানা প্রতিকূলতার গল্প। সেইসব বাধা অতিক্রম করে আজ তাঁরা নিজ নিজ ক্ষেত্রে একটি অবস্থান তৈরি করেছেন। তাঁদের এই পথচলায় উজ্জ্বলা ও আফরোজা পারভীনের ভূমিকার জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক নাসিমা আনিস এবং লেখক, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফি।
নাসিমা আনিস বলেন, ‘সৌন্দর্যখাতে উদ্যোক্তা তৈরি তৃতীয় বিশ্বে একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাদের সমাজে নারীরা পরিবারে শ্রম দিলেও সেখানে কোনো আর্থিক সম্পর্ক থাকে না। এটাই নিগৃহীত হওয়ার বড় কারণ। ফলে একজন নারী উদ্যোক্তা যখন অর্থ উপার্জন করেন, তখন তিনি পরিবার ও সমাজে ভূমিকা রাখেন। এর পরেই সমাজ তাঁদের স্বীকৃতি দিতে বাধ্য হয়। আফরোজা পারভীন তাঁর জায়গা থেকে এই যে কাজটি করেছেন, সেটা প্রশংসার দাবিদার।’
অনুষ্ঠানে আফরোজা পারভীন উজ্জ্বলার পথচলা এবং নারী সৌন্দর্যশিল্পী তৈরির প্রয়াসের কথা তুলে ধরেন। একই সঙ্গে ‘চলো এগিয়ে যাই’ বই প্রকাশের পেছনের উদ্যোগ ও উদ্দেশ্য সম্পর্কেও কথা বলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি। সাবলীল উপস্থাপনার পাশাপাশি তাঁর কথার বাঁধনে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে তিনি শঙ্খ ঘোষের একটি কবিতার অংশবিশেষও পাঠ করেন। অন্তরা রায়চৌধুরীর গানের মধ্য দিয়ে শেষ হয় ‘চলো এগিয়ে যাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

আরও পড়ুন

×