আমাদের নিবেদন
নতুন দিন নতুন স্বপ্ন
মুস্তাফিজ শফি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ১৪:৪৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ১৭:৩১
সাম্যের ভিত্তিতে শ্রেণীবৈষম্যহী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এ ভূখণ্ডের মানুষের আজীবনের স্বপ্ন। লক্ষ্য অর্জনে রয়েছে বহু সংগ্রাম, অগণন আত্মত্যাগের ইতিহাস। এই স্বপ্নই আমাদেরকে বৃটিশ বিরোধী আন্দোলনে নামিয়েছে। যুক্ত করেছে ভাষা আন্দোলনে। স্বাধিকার আন্দোলন থেকে একাত্তরে মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সশস্ত্রযুদ্ধের শেষে আমরা পাই স্বাধীনতা। লক্ষ্য অর্জনে বাধা তাতেও উপড়ে ফেলা যায়নি। জাতীয় এবং আন্তর্জাতিক নানা চক্রান্তে বারবার মুখ থুবড়ে পড়তে হয়েছে। আর্থসামাজিকভাবে দুর্দান্তগতিতে এগিয়ে চললেও মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সাম্প্রদিকতার চোখরাঙানি আমাদের প্রায়শ শংকিত করে তুলছে। এসব এখনই প্রতিরোধ করা না গেলে তা নিশ্চিতভাবেই আঘাত হানবে আমাদের উন্নয়ন ধারায়। একই সঙ্গে শক্তিশালী করতে হবে আইন ও বিচার বিচার বিভাগসহ গণতান্ত্রিকসব প্রতিষ্ঠানকে। গড়ে তুলতে হবে বিজ্ঞানমনস্ক, মানবিক রাষ্ট্র। জয়ী হতে হবে এই চ্যালেঞ্জে।
গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদ মাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমকাল জন্মলগ্ন থেকে সেই দায়িত্ব সচেতনভাবে পালনে করছে। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক সব আন্দোলন-সংগ্রামের পক্ষে আমাদের সুস্পষ্ট অবস্থান। ১৫ বছরে পৌঁছে সমকাল বাংলদেশের নতুন দিনের নতুন স্বপ্নকে উপস্থাপন করতে চায়। ইতিবাচক জীবনের কথা বলতে চায়। স্বপ্নের এই পথে সবাইকে পাশে চাই আমরা।
- বিষয় :
- ১৫ বছরে সমকাল