ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষিদ্ধ সোহান

একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষিদ্ধ সোহান
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৫:২৩ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৫:২৩

আচরণবিধি ভঙ্গের জন্য চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো শাস্তি পেলেন নুরুল হাসান সোহান। গত শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রংপুর রাইডার্সের অধিনায়ক। ফলে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান, তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন রংপুরের পাকিস্তানি পেসার হারিস রউফও। এর জন্য দু’জনকেই শাস্তি দেওয়া হয়েছে।

রংপুরের অধিনায়ক সোহানের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করার পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আগেও একটি ডিমেরিট পেয়েছিলেন তিনি। ফলে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন সোহান। হারিসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত শুক্রবার স্ট্রাইকার্সের ইনিংসের শেষ ওভারে ঘটনাটি ঘটেছিল। সে সময় বোলিংয়ে ছিলেন রংপুরের পেসার রবিউল। সিলেটের ব্যাটার রেজাউরকে তিনি বাউন্সার দেওয়ার পর আম্পায়ার তাঁকে সতর্ক করে দিয়েছিলেন, ওভারে তাঁর পাওনা বাউন্সারটি তিনি দিয়ে ফেলেছেন। রবিউল পরের বলটিও বাউন্সার দিলে আম্পায়ার ‘নো’ ডাকেন। 

এটা মেনে নিতে পারেননি রংপুরের অধিনায়ক সোহান। তিনি শ্রীলঙ্কান আম্পায়ার প্রাগেথ রামবুকেওয়েলার সঙ্গে তর্কে জড়ান। তখন তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন হারিস রউফও। অপর আম্পায়ার গাজী সোহেল এসে পরিস্থিতি শান্ত করেন। ম্যাচের পর সোহান ও হারিস ম্যাচ রেফারির কাছে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।

আরও পড়ুন

×