ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতের নতুন ব্যাটিং অর্ডার জানালেন রোহিত

ভারতের নতুন ব্যাটিং অর্ডার জানালেন রোহিত
×

রোহিত শর্মা ও শুভমন গিল। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১০:০৯ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ১০:০৯

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের পর নতুন চক্র শুরু করতে যাচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের একাদশে দেখা যাবে নতুন ব্যাটিং অর্ডার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধিনায়ক রোহিত ইনিংস ওপেন করবেন। তার সঙ্গে দেখা যাবে তরুণ জশস্বী জয়সাওয়ালকে। এর আগে টেস্টে ইনিংস ওপেন করেছেন তরুণ শুভমন গিল। তাকে নামিয়ে দেওয়া হচ্ছে তিনে। ওই পজিশনে ব্যাটিং করতেন চেতেশ্বর পূজারা। 

অভিজ্ঞ ডানহাতি ব্যাটার পূজারাকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট পূজারাকে বাদ দিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

রোহিত শর্মা বলেছেন, ‘ব্যাটিং পজিশনে গিল তিন নম্বরে খেলবে। এটা নিয়ে সে রাহুল দ্রাবিড়ের (কোচ) সঙ্গে কথা বলেছে। ক্যারিয়ার জুড়ে লাল বলে তিন এবং চারে ব্যাটিং করায় ওখানেই খেলতে চায় বলে সে জানিয়েছে। এতে ওপেনিংয়ে আমাদের ডান-বাম হাতি সমন্বয় হচ্ছে। যেটা দলের জন্য ভালো।’

তরুণ জয়সাওয়ালকে নিয়ে অধিনায়ক রোহিত বলেছেন, ‘অনেকদিন ধরেই আমরা ওপেনিংয়ে একজন বাঁ-হাতি খুঁজছিলাম। এখন একজনকে পেয়েছি। আশা করছি পারফরম্যান্স দিয়ে সে জায়গাটা নিজের করে নেবে।’ 

টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে চারে খেলেন বিরাট কোহলি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে আজিঙ্কা রাহানে আবার তার পাঁচ নম্বর পজিশন ফিরে পেয়েছেন। ছয়ে ব্যাট করেন দলটির উইকেটরক্ষক। এর আগে ঋষভ পান্ত খেলেছেন ওই জায়গায়। এখন শ্রীকর ভারত খেলছেন ছয়ে।

আরও পড়ুন

×