আইপিএলে সাকিবদের নেতৃত্বে কে?
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০১৯ | ১১:৫৯
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ টেস্টে তাকে দলের বাইরে রাখা হয়। কিন্তু ক্রাইস্টচার্চ হামলার কারণে ওই টেস্ট মাঠে গড়ায়। তবে কিউই অধিনায়ক শুরু থেকে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন কিনা সেই প্রশ্ন দেখা দেয়।
দেখা দেয় নেতৃত্বভার কার কাঁধে থাকবে সে প্রশ্ন। তিনি গত আসরেও হায়দরাবাদের নেতৃত্বে দেন। দলকে তোলেন ফাইনালে। তবে শিরোপা জিততে পারেনি তারা। তার আগে ২০১৬ সালের আসরে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে মুডির দল। এবার আবার ওয়ার্নার আছেন দলে। তিনি নেতৃত্ব পাবেন কিনা সেটাও একটা প্রশ্ন।
তবে হায়দরাবাদের কোচ টম মুডি জানিয়েছেন, কেন উইলিয়ামসনই থাকছেন হায়দরাবাদের নেতৃত্বে। তার ডেপুটি রাখা হয়েছে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে। মুডি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট মহলে কেনকে সবাই শ্রদ্ধা করে। গতবার দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে সে।'
ওয়ার্নারকে নিয়ে মুডি বলেন, 'সানরাইজার্সের হয়ে ওয়ার্নার যা অর্জন করেছে, তাতে আমরা গর্বিত। আশা করছি দলের জন্য অতীতের মতোই অবদান রাখবে ওয়ার্নার।' সানরাইজার্সের মেন্টর হিসেবে থাকবেন ভিভিএস লক্ষ্ণণ। হায়দরাবাদে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন। শুরু থেকেই তিনি খেলতে পারেন বলে জানা গেছে। এছাড়া হায়দরাবাদে এবার মার্টিন গাপটিল, জনি বেয়ারস্টোরা আছেন।