রিয়াল ছাড়ছেন রামোস!
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০১৯ | ০৮:৫১
চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের কাছে হারের পর ক্লাব সভাপতি ফ্লোরিন্তে পেরেজের সঙ্গে ছোটখাটো ঝগড়া হয় রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্গিও রামোসের। কয়েকটি মিডিয়ার দাবি, পেরেজের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্প্যানিশ এ ডিফেন্ডার। তার এমন হুমকিতে রিয়ালও নেমেছে নতুন ডিফেন্ডারের সন্ধানে।
২০০৫ সালে রিয়ালের জার্সি জড়ানো রামোস ক্লাবটির হয়ে ১৪ মৌসুম খেলেছেন। ক্লাবের একটি সূত্র জানিয়েছে, রিয়াল ছেড়ে ইউরোপের আরেকটি বড় ক্লাবের সঙ্গে কথা বলছেন রামোস। ২০২১ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রিয়ালের। স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইয়ে যেতে পারেন তিনি। রামোসও চাচ্ছেন ব্যক্তিগতভাবে নিজের অবস্থানকে আরও ওপরে তুলতে।
এই মৌসুমে শিরোপাহীন লস ব্লাঙ্কোসরা। দু'বার কোচ বদল করেও সাফল্য আসেনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের কাছে ওই হারটি মেনে নিতে পারেননি ক্লাব সভাপতি পেরেজ। মিডিয়ার দাবি, ওই হারের জন্য দায়টা রামোসের কাঁধেই বেশি দিয়েছেন পেরেজ। যে কারণে ক্লাব সভাপতির সঙ্গে তর্কে জড়ান রিয়াল অধিনায়ক। ক্লাব কর্মকর্তার এমন আচরণ মেনে নিতে পারেননি বলেই রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রামোস।
চারটি ইউরোপিয়ান কাপসহ রিয়ালের হয়ে মোট ২০টি শিরোপা জিতেছেন রামোস। চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি উয়েফা সুপার কাপ, চারটি লিগ, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং দুটি কোপা দেল রেও জিতেছেন এ স্প্যানিয়ার্ড। রিয়ালে সোনালি ক্যারিয়ারের ইতি টেনে নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি রামোস।