রদ্রিগো-ভিনির গোলে ব্রাজিলময় জয় রিয়ালের
ছবি: টুইটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ২১:৪৬
করিম বেনজেমা-এডেন হ্যাজার্ডকে শুরুর একাদশে রাখেননি রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। গ্যারেথ বেল আগে থেকেই স্কোয়াডের বাইরে ছিলেন। তারপরও জয় আটকায়নি লস ব্লাঙ্কোসদের। শুরুর একাদশে জায়গা পাওয়া তরুণ ভিনিসিয়াস জুনিয়ার রিয়ালের হয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েস খুঁজে নেন জাল। ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলের ব্রাজিলময় এক জয় তুলে নেয় জিদানের শিষ্যরা।
বেনজেমা-হ্যাজার্ড না থাকায় রিয়ালের আক্রমণের দায়িত্ব বর্তায় ভিনিসিয়াস জুনিয়র-লুকা জোভিকের কাঁধে। তারা সেটা দারুণভাবে পালন করেছেন। ম্যাচের ৩৬ মিনিটে টনি ক্রুসের বল ধরে গোল করেন ভিনি। ফেব্রুয়ারির পর তার শট খুঁজে পায় জাল। ভিনিসিয়াস রিয়ালের হয়ে খেলার যে সুযোগ পাচ্ছিলেন ঝলক দেখাচ্ছিলেন। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিতে পারছিলেন না তিনি। এবার সেই জুজু কাটালেন তিনি। পেলেন রিয়ালের হয়ে মৌসুমের প্রথম গোল। আবেগে ধরে রাখতে না পেরে কেঁদেই ফেলেন ভিনি।
এরপর রিয়ালের হয়ে গোলে বল পাঠান স্ট্রাইকার লুকা জোভিক। বেনজেমার জায়গায় সুযোগ পাওয়া জোভিক ভালো খেলছিলেন। লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম গোল করার উল্লাসে মাতেন তিনিও। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে দেন। হতাশ হন তরুণ এই স্ট্রাইকার। তাকে বেনজেমার ভবিষ্যত বদলি ভাবা হলেও তিনি তাই এখন পর্যন্ত গোল করে সেটার প্রমাণ দিতে পারেননি।

তবে সেই খেদ মেটান ব্রাজিলের তরুণ তুর্কি রদ্রিগো গোয়েস। ভিনিসিয়াসের বদলি হিসেবে রিয়ালের হয়ে লা লিগায় ম্যাচের ৭১ মিনিটে অভিষেক হয় তার। মাঠে নামার দুই মিনিটের (৯২ সেকেন্ড) মধ্যেই গোল করেন রদ্রিগো। অভিষেকে রিয়ালের হয়ে দ্রুত গোল করার রেকর্ড গড়েন। যেন তেন গোল নয়। চোখ ধাঁধাঁনো গোল। ব্রাজিল মিডফিল্ডার কাসেমিরোর দুর থেকে হাওয়ায় ভাসানো বল দারুণভাবে নিয়ন্ত্রনে নেন তিনি। এরপর দুর্দান্ত গতি আর ড্রিবলিং দিয়ে ডিফেন্ডার বোকা বানিয়ে গোলে শট নেন তিনি। স্কোর শিটে তুলে ফেলেন নাম।
দারুণ গোল করে রদ্রিগো রিয়াল কোচ জিদানকে ফেলে দেন মধুর সমস্যায়। যতক্ষণ মাঠে ছিলেন প্রতিপক্ষ রক্ষণের ফুটবলারদের তটস্থ রাখেন তিনি। জিদানের কাছে আরও বেশি সময় খেলার দাবি জোরালো করে রাখলেন। অভিষেক ম্যাচে দুর্দান্ত গোল করে সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের নিচু হয়ে অভিবাদনও জানান। রিয়াল মাদ্রিদ আগামী ম্যাচে মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে।