কোচদের কোয়ারেন্টাইন শিথিলের আবেদন বিসিবির
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০ | ০৩:০৫
সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকা সফরে যাবে। অক্টোবরের শেষে লংকারদের বিপক্ষে খেলবে টেস্ট। ওই সিরিজকে লক্ষ্য ধরে বাংলাদেশ আসতে শুরু করেছেন বিদেশি কোচিং স্টাফরা। মুমিনুলদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ৬ সেপ্টেম্বর ঢাকায় এসে করোনা পরীক্ষা দিয়েছেন। চলে এসেছেন ফিল্ডিং কোচ রায়ান কুকও।
মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা বোলিং কোচ ওটিস গিবসনের। বাংলাদেশে এসে স্বাস্থ্য বিভাগের দেওয়া নিয়ম অনুযায়ী, ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে তাদের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় দ্রুতই কাজে যোগ দিক কোচরা। দেখভাল করুক ক্রিকেটারদের স্বতন্ত্র অনুশীলন।
সেজন্য দেশের স্বাস্থ্য বিভাগের কাছে বিদেশি কোচিং স্টাফদের জন্য কোয়ারেন্টাইনের সময় কমানোর অনুমতি চেয়েছে বোর্ড। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেবাশীষ জানিয়েছেন, তারা কোচদের কোয়ারেন্টাইনের শর্ত শিথিল চেয়ে এরই মধ্যে সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন। এখন তারা সরকারের অনুমোদনের অপেক্ষায় আছেন। আজই এ ব্যাপারে সিদ্ধান্ত পেয়ে যাওয়ার কথা বলে জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কোয়ারেন্টাইন শর্ত শিথিলের অনুমতি পেতে অসুবিধা হবে না। অনুমতি পেয়ে গেলেই, বুধবার পুনরায় শুরু হওয়া ক্রিকেটারদের স্বতন্ত্র অনুশীলনে যোগ দিতে পারবেন ডমিঙ্গো-রায়ান কুক।
তাদের কোয়ারেন্টাইনের সময় কমানোর ব্যাপারে জানানো হয়েছে, ভ্রমণ করার আগে নিজ দেশে তাদের করোনা পরীক্ষা করানো হয়েছে। সেখানে নেগেটিভ রিপোর্ট আসার পরেই বাংলাদেশে আসতে পারছেন তারা। বাংলাদেশে এসে আবার করোনা পরীক্ষা হবে। সেখানেও ফলাফল নেগেটিভ হলেই তাই অনুশীলনে যোগ দিতে পারবেন কোচরা।