সুয়ারেজকে ইতালিতে ডেকে জেকোকে দলে নিচ্ছে জুভরা!
ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০ | ০৪:৩৯
বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে জুভেন্টাসের চুক্তিটা হয়েই যেতে পারতো। সাবেক প্রতিদ্বন্দ্বী রোনালদোর সঙ্গে জুটি হয়ে যেত বার্সা স্ট্রাইকারের। কিন্তু ইতালির নাগরিকত্ব না থাকায় কাজটা কঠিন হয়ে গেছে উরুগুয়ে স্ট্রাইকারের জন্য।
বৃহস্পতিবার তাই সুয়ারেজ ইতালিতে উড়ে গেছেন বলে খবর। উদ্দেশ্যে ইতালির নাগরিকত্ব নেওয়া। যাতে সিরি আ’তে খেলতে সুবিধা হয় তার। কিন্তু সুয়ারেজকে ইতালি ‘ডেকে’ এনে জুভেন্টাস এখন রোমার বসনিয়ান স্ট্রাইকার এডেন জেকোকে দলে নিতে চায়।
সংবাদ মাধ্যম গোল জানতে পেরেছে, দুই বছরের চুক্তিতে জেকোকে দলে নিয়ে ১৬ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার শর্তে রাজি হয়েছে ওল্ড লেডিরা। রোমাও তাদের ৩৪ বছর বয়সী স্ট্রাইকারকে ছেড়ে দিতে চায়। কারণ তারা নাপোলি ফরোয়ার্ড আরকাডিউস মিলিককে দলে নিতে চায়।
জুভেন্টাসে জেকোর আসার সম্ভাবনা যত বাড়তে সুয়ারেজের জন্য দল পরিবর্তনের কাজটা তত কঠিন হবে। কারণ ইউরোপের শীর্ষ ক্লাবের মধ্যে জুভেন্টাসই তাকে দলে নিতে বেশি আগ্রহ দেখিয়েছে। এছাড়া আয়াক্স, মার্সেই বার্সা স্ট্রাইকারে আগ্রহী হলেও বেতন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।
সুয়ারেজ-জেকো ছাড়াও জুভেন্টাস অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা, পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি এবং চেলসির স্ট্রাইকার অলিভার জিরুদে চোখ রাখছে। গঞ্জালো হিগুয়েইন জুভেন্টাস ছেড়ে চলে যাওয়ার ফ্রন্ট লাইনে ক্রিস্টিয়ানো রোনালদোর একজন সঙ্গী খুঁজছেন জুভ কোচ আন্দ্রে পিরলো।