মাঠে চৌকস সাকিব বাইরে উদাস
পুনে থেকে, সেকান্দার আলী
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৮:০০
পুনেতে শনিবার সন্ধ্যায় ভারতের এক বিশিষ্ট ব্যবসায়ীর অতিথি হন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। জাতীয় দল ম্যানেজমেন্টের আরও কেউ কেউ উপস্থিত ছিলেন সেখানে। খাবার টেবিলে রীতিমতো আড্ডা জমে ওঠে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে সুপার লিগে এত ভালো খেলার পর বিশ্বকাপে বাজে পারফরম্যান্স নিয়েও কাটাছেঁড়া হয় আড্ডায়। মুখ ফসকে যেখানে ডোনাল্ড বলে ফেলেন, তামিম দলটাকে এক সুতায় বেঁধেছিলেন। ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আদায় করে নিতেন। বিশ্বকাপ মাঠের বাইরের নেতৃত্ব বল্গাহীন। সাকিব আল হাসান মাঠের ভেতরে যতটা চৌকস, বাইরে ততটাই উদাস। বিশ্বকাপে যেটা নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।
একটা ব্যাপার হলো ভারতেও ভারতের বিপক্ষে ভালো খেলতে শিখে গেছে বাংলাদেশ। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে বেঙ্গালুরুতে জিততে জিততে হেরে যাওয়া, ২০১৯ সালের টি২০ সিরিজটিও টান টান উত্তেজনায় শেষ করতে পারা ছিল রোমাঞ্চকর। ওয়ানডে বিশ্বকাপেও জমে উঠতে পারে লড়াই। যদিও ভারতের টিভিতে চোখ রাখলে ভীতি ছড়ানো বিজ্ঞাপন দেখে পিলে চমকে যাবে। একটি বিজ্ঞাপনের দৃশ্যায়ন হলো এ রকম– বাংলাদেশের একজন সমর্থককে দুই ভারতীয় সমর্থক পরোক্ষে ভয় দেখাচ্ছেন। পরের দৃশ্যে ভারত দলের চার-ছক্কার ঝড়। এ থেকে একটা জিনিস পরিষ্কার– শুধু রোহিত শর্মারাই নন, দেড়শ কোটি ভারতবাসী উন্মুখ হয়ে রয়েছে বাংলাদেশকে উড়িয়ে দিতে। গতকাল পুনেতে কেউ কেউ বলাবলিও করছিলেন, বিশ্বকাপে খুব বাজে পারফর্ম করবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ থেকে বাদ পড়বে তারা। সামনে আর কোনো ম্যাচ জিতবে কিনা, এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। বিলাসবহুল হোটেলে থাকায় সাধারণের এ বার্তা সাকিবদের কাছে পৌঁছাবে না। কিন্তু তারা জানতে পারলে খুবই ভালো হতো। অন্তত বুঝতে পারতেন মানুষের কাছে তাদের বিশ্বকাপ সামর্থ্য কোন পর্যায়ে।
- বিষয় :
- মাঠে চৌকস সাকিব বাইরে উদাস