ইনজুরিতে টি-২০ সিরিজ শেষ আলিসের
জাতীয় দলে ডাক পেয়েও ছিটকে গেলেন আলিস। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৪ | ০৯:৪১
সুনীল নারিনের মতো হাত পেছনে ঢেকে বোলিং করেন বাংলাদেশের আলিস আল ইসলাম। করতে পারেন দোসরা (দুই দিকে স্পিন করানো)। সেজন্য রহস্য স্পিনার হিসেবে নাম ফুঁটেছে তার। সদ্য সমাপ্ত বিপিএলে দলে সুযোগ পেয়ে দারুণ বোলিংও করেছেন তিনি।
যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের দলে ডাক পেয়েছিলেন আলিস ইসলাম। কিন্তু প্রথমবার দলে ডাক পেলেও ড্রেসিংরুমে ঢোকা হলো না ডানহাতি এই স্পিনারের। ইনজুরি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে বিপিএলের ফাইনালে হেরেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শেষে আলিসের ইনজুরির বিষয়টি জানিয়েছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবি থেকেও জানিয়েছে, ফিট হতে অন্তত দুই সপ্তাহ লাগবে তার।
মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘আলিসের আঙুলে চিড় ধরা পড়েছে। আমার মনে হয়, শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে তার খেলা হবে না।’ বিসিবির সূত্র বলেছে, ‘দলের সঙ্গে আলিস সিলেটে যাচ্ছে না, তার পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে।’
আলিস চলতি বিপিএলে ৮ ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৯ উইকেট নিয়েছেন। বোলিং গড় ৭.১৭। ২০১৯ সালের বিপিএল দিয়ে আলিস দৃশ্যপটে এসেছিলেন। রহস্য স্পিন দিয়ে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। পরে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর বিপিএল বা বিসিবির টুর্নামেন্টে সেভাবে আলোচনায় ছিলেন না এই বোলার। এবার চলে আসলেন জাতীয় দলের পাইপলাইনে।
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলঙ্কা-২০২৪
- আলিস আল ইসলাম