বাংলাদেশের হয়ে যে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী রেফারি সালমা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ১২:৫১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ১২:৫১
গত ফেব্রুয়ারিতে এএফসির এলিট প্যানেলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সহকারী নারী রেফারি সালমা আক্তার মনি। এবার দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে সালমাকে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনার সুযোগ দিয়েছে সাউথইস্ট এশিয়ান গেমস (এসইএ)। এটিই হবে সালমার প্রথম দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম কাজ।
কম্বোডিয়াতে সাউথ ইস্ট এশিয়ান গেমস (সি-গেমস) ফুটবলে ৩ থেকে ১৫ মে পর্যন্ত সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের রেফারি। এএফসি এলিট প্যানেলের রেফারি হওয়ার কারণে এই মিশনে যোগ দিতে যাচ্ছেন সালমা। আগামীকাল রোববার মধ্যরাতে কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ৮ দলের এই টুর্নামেন্ট চলবে ৩ থেকে ১৫ মে পর্যন্ত। ‘এ’ গ্রুপে আছে ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও লাওস।
এর আগে বাংলাদেশের রেফারি জয়া চাকমা তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব–১৪ ফুটবল পরিচালনা করেন। জার্মানিতেও একটি ফুটবল ফেস্টিভ্যাল পরিচালনা করেছিলেন জয়া। তবে দুটি টুর্নামেন্টই তিনি পরিচালনা করেন ফিফা রেফারি হওয়ার আগে।
সি-গেমস ফুটবলে রেফারিং করতে যাওয়ার আগে দেশের প্রথম নারী এএফসি এলিট প্যানেলের রেফারি সংবাদমাধ্যমকে বলেন, 'এলিট রেফারি হওয়ার পর এটাই আমার প্রথম অ্যাসাইনমেন্ট। সবার দোয়া চাই যাতে ভালোভাবে রেফারিং করে দেশের মান বাড়াতে পারি।'