এশিয়ান গেমসে ফিরেছেন ফুটবলার শামসুন্নাহার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১৮:০০
জ্বরের কারণে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন না শামসুন্নাহার জুনিয়র। আক্রমণভাগে তাঁর অভাবটা ফুটে উঠেছিল। সেপ্টেম্বরে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ দলে ফিরেছেন এ ফরোয়ার্ড।
এশিয়াডের জন্য মঙ্গলবার ২২ সদস্যের যে নারী জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে, তাতে বাদ পড়েছেন নেপাল সিরিজে থাকা সোহাগী কিসকু ও আকলিমা খাতুন। ক’দিন আগে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া ডিফেন্ডার আফিদা খাতুন, স্ট্রাইকার শাহেদা আক্তার রিপা এবং প্রথম প্রবাসী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াও আছেন এশিয়ান গেমসের দলে। স্বাভাবিকভাবেই নেই ফুটবল থেকে অবসরে যাওয়া সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন, সাজেদা খাতুন ও আনুচিং মোগিনি। দলে নতুন কেউ নেই। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। ১৯ সেপ্টেম্বর ফুটবলের মধ্য দিয়ে শুরু হবে গেমস।
নারী ফুটবল দল : রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার (সিনিয়র), মাসুরা পারভীন, আফিদা খন্দকার, সুরমা জান্নাত, রিতুপর্ণা চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মার্জিয়া, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আক্তার রিপা ও মাতসুশিমা সুমাইয়া।
- বিষয় :
- ফুটবল
- নারী দল
- এশিয়ান গেমস
- বাফুফে