৯০ মিলিয়নে ম্যানসিটির পথে গার্ডিওল
লাইপজিগের ক্রোয়াট ডিফেন্ডার গার্ডিওল। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১০:০৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১০:০৪
কাতার বিশ্বকাপেই নজরে এসেছিলেন ক্রোয়েশিয়ার তরুণ ডিফেন্ডার জোসকো গার্ডিওল। আরবি লাইপজিগের সেন্ট্রাল ডিফেন্ডার দলবদলের রেকর্ড গড়বেন তখনই আগামবাণী দিয়েছিলেন অনেকে। রিয়াল মাদ্রিদ তাকে দলে নিতে উঠে পড়ে লাগবে এমন কথাও শোনা গিয়েছিল।
তবে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে উঠে পড়ে না লাগলেও ম্যানচেস্টার সিটি ক্রোয়াট ডিফেন্ডারকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে অনেকদিন। সংবাদ মাধ্যমের মতে, গার্ডিওল ও ম্যানচেস্টার সিটির মধ্যে চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে।
দামের বিষয়ে সমঝোতা হলেই লাইপজিগ ছেড়ে সিটিজেন শিবিরে যোগ দেবেন। সেই সমঝোতাও অনেকটা এগিয়ে গেছে। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানে দাবি করেছেন, ৯০ মিলিয়ন ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকা দিয়ে তাকে কিনছে পেপ গার্দিওয়ালার দল।
সঙ্গে এড অন্স ও অন্যান্য চুক্তি বাবদ আরও কিছু অর্থ দেওয়ার শর্ত থাকতে পারে। ওই চুক্তি সম্পন্ন হলে বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হবেন ২১ বছরের গার্ডিওল। গত মৌসুমে ৭৭ মিলিয়ন দিয়ে জুভেন্টাস থেকে ডি লিখটকে কিনেছে বায়ার্ন মিউনিখ। ওই রেকর্ড ভেঙে যাবে।