ধর্মশালার আউটফিল্ডকে ‘গড়পড়তা’ আখ্যা
ধর্মশালার আউটফিল্ড। ছবি: টু্ইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৫:০০ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৫:০২
ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচে স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছে। আউটফিল্ড ছিল ভেজা। যা থেকে গুরুতর ইনজুরিতে পড়তে পারতেন ক্রিকেটাররা।
আফগান স্পিনার মুজিব উর ফিল্ডিং করতে গিয়ে পড়েও গিয়েছিলেন এবং তার হাঁটুতে লেগে ঘাসসহ মাটি উঠে আসতে দেখা যায়। পরবর্তীতে ওই ম্যাচের আউটফিল্ড পর্যবেক্ষণ করে গড়পড়তা আখ্যা দিয়েছে আইসিসি।
একই মাঠে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের আউটফিল্ড নিয়েও উঠেছে প্রশ্ন। তবে আইসিসির মূখপাত্র জানিয়েছেন, কিউরেটরের সঙ্গে কথা বলেছেন ম্যাচ রেফারি। তিনি আশ্বস্ত হয়েছেন যে, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগে আউটফিল্ড ঠিক হয়ে (শুকিয়ে) যাবে।
আইসিসি জানিয়েছে, আইসিসির স্বাধীন পিচ পরামর্শক আজ ধর্মশালার আউটফিল্ড দেখেছেন। পরবর্তী ম্যাচের কন্ডিশন ভালো থাকবে এ বিষয়ে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে তিনি আশ্বস্ত হয়েছেন। যদিও বাজে আউটফিল্ড হওয়ায় ভয়ে বাংলাদেশ ম্যাচেও বেন স্টোকস খেলবেন না বলে জানা গেছে।
এর আগে মুজিব উরের ড্রাইভ দেওয়া নিয়ে ম্যাচ শেষে শঙ্কার কথা বলেন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট, ‘আমরা ভাগ্যবান যে, মুজিব উর গুরুতর ইনজুরিতে পড়েনি। আমি আশা করবো, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।’