ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রথম বাঁ-হাতি স্পিনার রামচাঁদ আর নেই

দেশের প্রথম বাঁ-হাতি স্পিনার রামচাঁদ আর নেই
×

ছবি: ক্রিকবাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০২:১২ | আপডেট: ১৯ জুন ২০২০ | ০২:২৪

বাংলাদেশ ক্রিকেটের প্রথম বাঁ হাতি স্পিনার ময়মনসিংহের রামচাঁদ গোয়ালা শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ঢাকার ক্রিকেটের কিংবদন্তিতুল্য সাবেক এই ক্রিকেটার ময়মনসিংহে নিজ বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার বড় ভাইয়ের ছেলে প্রাঞ্জল গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

হৃদরোগ জনিত কারণে তিনি মারা গেছেন বলে মনে করা হচ্ছে। গত ৯ জুন হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তিনি কিছুটা সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত বছরের আগস্টে বিসিবির মাধ্যমে তার হাতে তাই ১০ লাখ টাকার একটি চেক তুলে দেয়। ওই অর্থ দিয়ে চিকিৎসা নিয়ে আবার ক্রিকেট মাঠে শিষ্যদের নিয়ে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু বয়সের কাছে তাকে হার মানতে হলো।

রামচাঁদ গোয়ালা ছিলেন এক সময় ঢাকার ক্রিকেটের পরিচিত মুখ। ১৯৬২ সালে তার ভিক্টোরিয়ায় ক্যারিয়ার শুরু হয়। তার আগে অবশ্য ময়মনসিংহে ক্রিকেট খেলতে। এরপর আবাহনীতে টানা ১৫ বছর খেলেছেন তিনি। সবার কাছে সে সময় তিনি পরিচিত হয়ে ওঠেন গোয়ালাদা নামে।

ইডেনে ১৯৮৩ সালে পশ্চিমবঙ্গের বিপক্ষে খেলেছেন তিনি। এছাড়া ৫৩ বছর বয়সে ঢাকা লিগে খেলার কীর্তি গড়েছেন তিনি। খেলা ছাড়ার পর কোচিংয়ে নামেন রামচাঁদ। তার ছাত্র মাহমুদউল্লাহ এখন ক্রিকেট মাতাচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান মনে করেন, বাংলাদেশে বাঁ-হাতি স্পিনার উঠে আসার পেছনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছেন তিনি। দেশের প্রথম বাঁ-হাতি স্পিনার ছিলেন তিনি। সে সময় তার সমকক্ষ সেই ছিলেন না। 

আরও পড়ুন

×