ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬৮ বছর পর লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে ১৬ গোল বার্সার

৬৮ বছর পর লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে ১৬ গোল বার্সার
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৩

মৌসুমের শুরুতেই দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনার আক্রমণভাগ। লা লিগার প্রথম পাঁচ ম্যাচে রাফিনিয়া, লামিন ইয়ামাল ও ফেরমিন লোপেজ মিলে করেছেন ১৬ গোল। ১৯৫৮ সালের পর স্পেনের শীর্ষ লিগে প্রথম পাঁচ ম্যাচে কোনো আক্রমণভাগের এত গোল করার নজির আর দেখা যায়নি।

রোববার রাতে লেভান্তেকে ৪-২ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে হানসি ফ্লিকের দল। এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা।

বার্সার হয়ে রাফিনিয়া ও ইয়ামাল করেছেন ছয়টি করে গোল। ফেরমিনের গোল চারটি। লেভান্তের বিপক্ষে জোড়া গোল করেন ইয়ামাল। ম্যাচের ১৯ মিনিটে রাফিনিয়ার পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি আসে ৪৮ মিনিটে পেনাল্টি থেকে। বার্সার অন্য গোলটি করেন শাভি এসপার্ত। শেষ দিকে লেভান্তে দুই গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও কারিম আদেয়েমির গোলে জয় নিশ্চিত হয় বার্সার।

ইয়ামালের দ্বিতীয় গোলেই ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসায় বার্সেলোনা। ১৯৫৮-৫৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আক্রমণভাগ আলফ্রেডো দি স্তেফানো, ফেরেঙ্ক পুসকাস ও হেক্তর রিয়াল প্রথম পাঁচ ম্যাচে ১৬ গোল করেছিলেন। এবার সেই কীর্তিতে নাম লেখালেন রাফিনিয়া, ইয়ামাল ও ফেরমিন।

লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে এর চেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে সেভিয়ার। ১৯৪০-৪১ মৌসুমে গিয়ের্মো কাম্পানাল, মিগেল তোরোনতেগুই ও হোসে লোপেজ মিলে করেছিলেন ২৪ গোল। একই মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ ও সেলতা ভিগোর আক্রমণভাগ করেছিল ১৭টি করে গোল।

এ ছাড়া ১৬ গোলের কীর্তি রয়েছে সেভিয়ার একটি ত্রয়ী এবং বার্সেলোনার আরেকটি আক্রমণভাগের। ফলে এবার নিজেদের ক্লাব ইতিহাসের পুরনো রেকর্ডেও ভাগ বসাল বার্সেলোনা।

আরও পড়ুন

×