নেতৃত্ব চালিয়ে যেতে চান বাবর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪০
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর দলের পারফরম্যান্স পর্যালোচনার কথা ভাবছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে সফরে ব্যাটে-বলে ব্যর্থতার পাশাপাশি নজিরবিহীন নানা ঘটনা ঘটলেও নেতৃত্ব চালিয়ে যেতে চান বাবর। সিরিজের প্রথম দুই টেস্টের পর পাকিস্তান দল থেকে সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা হয় এবং টেস্ট দলের হেড কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে নির্বাচক কমিটির প্রধান মিসবাহ-উল হক পদত্যাগ করেন।
এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে হারের পর ভুল শুধরে নতুন শুরুর কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক। বাবর মেনে নিয়েছেন তারা প্রত্যাশা মতো খেলতে পারেননি। এ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, ‘আমার মনে হয়, আমাদের বসে ভুলগুলো নিয়ে আলোচনা করতে হবে। কেমন একাদশ নিয়ে টেস্ট খেলা দরকার, তা পর্যালোচনা করা দরকার। একাদশে সঠিক ক্রিকেটার বেছে নিতে হবে। কোচ, নির্বাচক– সবার সঙ্গে আলোচনা করে এবং সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া দরকার। সেরা ১১ জনকে বেছে নিতে হবে আমাদের।’
এর পরই বাবর আজমের কাছে জানতে চাওয়া হয় সফরে এত বিতর্কিত ঘটনার পরও অধিনায়কত্ব চালিয়ে যেতে চান কিনা? বেশ দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, নেতৃত্ব চালিয়ে যেতে চাই। তবে ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভালো করার জন্য উপযুক্ত খেলোয়াড় দরকার। তবে নতুন ছেলেরা বেশ ভালো করেছে।’
এই নতুনদের মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন রাজাউল্লাহ। ২১ বছরের এ তরুণ পেসার ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৯ ছক্কায় ৮১ রানের বিস্ময়কর এক ইনিংস খেলেন। তাঁর পারফরম্যান্স নিয়ে বাবর বলেন, ‘আমরা ভীষণ উপভোগ করেছি। আমার মনে হয়, রাজাউল্লাহর ব্যাটিং ও বোলিং সবাই উপভোগ করেছেন। দুর্দান্ত প্রতিভা। আমাদের জন্য দারুণ কার্যকর এক ক্রিকেটার হয়ে উঠবে সে।’
চতুর্থ ইনিংসে প্রথম ওভারে ২ উইকেট তুলে নেওয়ার পরও ইংল্যান্ডকে চাপে ফেলতে না পারার বিষয়েও কথা বলেছেন বাবর, ‘হ্যাঁ, প্রথম ওভারে ২ উইকেট তুলে নেওয়ার পরও আমরা পারিনি। ওই ওভারের পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। আসলে রুট ও কক্স দুর্দান্ত ব্যাটিং করেছেন।’ দলে স্পিনারের অভাব বোধ করেননি বলেও জানান বাবর।
- বিষয় :
- পাকিস্তান ক্রিকেট দল
- বাবর আজম