চাঁদপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫০
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা স্টেডিয়ামে কাবাডি, হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। একই সঙ্গে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন লেকে অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুর জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার এবং মতলব দক্ষিণ কেএফটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়।’
তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিভাগীয় পর্যায়েও তারা ভালো করবে বলে আশা করেন। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি।
দাবার বালক বড় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. ইমতিয়াজ আহমেদ রাফিন। রানারআপ হয়েছেন শাহরাস্তি নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জুবাইর আহমেদ।
বালক মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন মতলব দক্ষিণ কেএফটি কলেজিয়েট স্কুলের মো. তামজিদ ইকরাম। রানারআপ শাহরাস্তি সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. আরাফাত রহমান মুন।
বালিকা বড় বিভাগে চ্যাম্পিয়ন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আমাতুন নূর। রানারআপ শাহরাস্তি উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাহবুবা বিনতে আজম।
বালিকা মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন মতলব দক্ষিণ কেএফটি কলেজিয়েট স্কুলের তালবিয়া বিনতে সান্তাদ। রানারআপ হাইমচর দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের মরিয়ম আক্তার।
কাবাডির ছাত্র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর সদর উপজেলার বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। রানারআপ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
ছাত্রী বিভাগে চ্যাম্পিয়ন চাঁদপুর সদরের মৈশাদী উচ্চ বিদ্যালয়। রানারআপ মতলব দক্ষিণ কেএফটি কলেজিয়েট স্কুল।
হ্যান্ডবলের ছাত্র বিভাগে চ্যাম্পিয়ন বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। রানারআপ হাইমচর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। ছাত্রী বিভাগে চ্যাম্পিয়ন মতলব দক্ষিণ কেএফটি কলেজিয়েট স্কুল এবং রানারআপ হাজীগঞ্জ আলবান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়।
এ ছাড়া বালক ও বালিকাদের মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার ও বুক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার আট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
- বিষয় :
- চাঁদপুর
- ক্রীড়া প্রতিযোগিতা