এশিয়ান গেমস
কাবাডিতে পদকের সম্ভাবনা
সাখাওয়াত হোসেন জয়, নাগোয়া, জাপান থেকে
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৫
চোখ ধাঁধানো গ্যালারি আর প্রাণবন্ত পরিবেশ। ওশিনো পার্ক কিংবা মোতোহামা পার্কের সুন্দর-সবুজ উদ্যানগুলো টোকাই সিটিজেন জিমনেশিয়ামের বাহ্যিক সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। স্টেডিয়ামের ভেতরে রয়েছে চমৎকার আলো-আঁধারির ব্যবস্থা। সৌন্দর্যমণ্ডিত এই জিমনেশিয়ামে নতুন গল্প লিখেছে বাংলাদেশ কাবাডি দল। গতকাল সোমবার এশিয়ান গেমসে কাবাডিতে রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়ে পদক জয়ের স্বপ্ন উজ্জ্বল করেছে।
আজ জাপানকে হারাতে পারলে নিশ্চিত হবে সেমিফাইনাল। কাবাডিতে সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত। পুরুষ কাবাডিতে দোহা এশিয়ান গেমসে বাংলাদেশ সর্বশেষ পদক জিতেছিল ২০০৬ সালে। সেই আসরে রুপা এসেছিল। গতকাল সোমবার মেয়েদের কাবাডিতে ভারতের কাছে ৪২-২১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
অন্য ইভেন্টগুলো থেকে আসছিল হতাশার ফল। কিন্তু গতকাল সকালেই কাবাডি থেকে আসে সুসংবাদ। ২০১৮ এশিয়ান গেমসে রুপা জেতা দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারায় মিজানুর রহমান-মনিরুল চৌধুরীরা। কোরিয়াকে হারানোর পরই খুলে যায় স্বপ্নের দুয়ার। যেখানে বড় বাধা ছিল চায়নিজ তাইপে। প্রত্যাশিত অনুযায়ী লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। কখনও বাংলাদেশ আবার কখনও লিড নেয় তাইপে। তবে পয়েন্ট খোয়ালেও বাংলাদেশের খেলোয়াড়রা হাল ছাড়েননি। যেমনটি শেষ কয়েক মিনিট ধরে রেখেছিলেন তারা। যখনই মনে হচ্ছিল তাইপে জিতে যাবে, চাপের মুখে তখন ভেঙে পড়েননি সবুজ মিয়া-রোমান হোসেনরা। স্নায়ুচাপ সামলে শেষ দিকে যেভাবে খেলেছেন তারা, তাতে ফুটে উঠেছে পুরো দলের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।
চায়নিজ তাইপে যে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে, তা অনুমেয়ই ছিল। কিছুটা ভয় আর শঙ্কা কাজ করছিল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। কারণ ২০২৩ হ্যাংঝু এশিয়ান গেমসে এই চায়নিজ তাইপের কাছে পরাজিত হওয়ায় বাংলাদেশ ব্রোঞ্জপদক জিতেনি। তাই সেই হারের বদলা নেওয়ার উপলক্ষটা এবার পেয়ে যায় জাপানের ‘শিল্পনগরী’খ্যাত নাগোয়ায়। প্রথমার্ধে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে উবে যায় সব শঙ্কা। শুরু থেকে সতর্ক খেলা বাংলাদেশ এক পর্যায়ে ৭ পয়েন্টে এগিয়ে ছিল। এত বড় ব্যবধানের লিডটা অবশ্য এই অর্ধে ধরে রাখতে পারেনি তারা। শেষ দিকে বেশ কিছু ভুল করায় প্রতিপক্ষ পয়েন্ট ছিনিয়ে নেয়। তার পরও ২৪-২০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর বদলে যায় খেলার চিত্র। দারুণ সব রেইডে বাংলাদেশকে কাঁপিয়ে দেয় চায়নিজ তাইপে। একই সঙ্গে অসাধারণ সব ডিফেন্স করে পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। তার পরও পয়েন্টের ব্যবধান দুইয়ে ছিল। এক পর্যায়ে তাইপে ৩৬-৩৫ পয়েন্টে এগিয়ে যায়। তাতে অবশ্য দমে যাননি নাসির উদ্দিন-আল আমিনরা। কয়েক মিনিট পরই আবার বাংলাদেশ এগিয়ে যায় ৪০-৩৯ পয়েন্টে। শেষ ৩ মিনিট হয় স্নায়ুর যুদ্ধ। যে যুদ্ধে বাংলাদেশ জিতে যায়।
খেলা শেষ হতেই লাল-সবুজের পতাকা হাতে কোর্টে দৌড়াতে থাকেন খেলোয়াড়রা। তাদের উচ্ছ্বাস আর উন্মাদনা দেখে মনে হয়েছে যেন পদক জিতে গেছেন তারা। স্বপ্নের পদক নিশ্চিত না হলেও সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।
- বিষয় :
- কাবাডি
- এশিয়ান গেমস