মরিনহোকে সংযত হওয়ার আহ্বান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪৩
মাদ্রিদ ডার্বিতে ২-১ গোলে হারের পর রেফারির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। তাঁর দাবি, দুটি ঘটনায় অ্যাথলেটিকো মাদ্রিদের দুজনের লাল কার্ড পাওয়া উচিত ছিল। শুধু ক্ষোভ উগড়ে দিয়েই থামেননি পর্তুগিজ এ কোচ, সংবাদ সম্মেলনে সঙ্গে করে নিয়ে এসেছিলেন ফাউলের প্রিন্ট করা দুটি ছবি। ম্যাচ নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের সামনে সে দুটি ছবি তুলে ধরেন মরিনহো। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিওনি সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মরিনহোর প্রতি।
রোববার ওয়ান্ডা মেট্টোপলিটানোতে প্রথমার্ধে জুড বেলিংহামের পা মাড়িয়ে দিয়েছিলেন অ্যাথলেটিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার কুতি রোমেরো। ৩৭ মিনিটের ওই ঘটনায় প্রথমে বেলিংহামকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। কিন্তু ভিএআর দেখে বেলিংহামের কার্ড প্রত্যাহার করে রোমেরোকে হলুদ কার্ড দেন রেফারি।
মরিনহোর মতে, এটা পরিষ্কার লাল কার্ড ছিল। এরপর ভালভার্দেকে লি কাং-ইনের করা ট্যাকল নিয়েও অভিযোগ করে রিয়াল। ওই ঘটনায় ভালভার্দের বাঁ গোড়ালিতে গুরুতর আঘাত লাগে। এর জেরে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন উরুগুইয়ান মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিএআর দেখে রিয়াল ডিফেন্ডার ডিন হুইসেনকে লাল কার্ড দেখান রেফারি। ৫০ মিনিটের ওই ঘটনায় পেনাল্টিও পায় স্বাগতিকরা। সংবাদ সম্মেলনে ঢুকেই তিনি দুটি ফাউলের ছবি দেখিয়ে বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি। কারণ, ম্যাচের গল্পটা এখানেই আছে।’
ছবিগুলো দেখিয়ে মরিনহো আরও বলেন, ‘ওই দুটি পরিষ্কার লাল কার্ড ছিল। পরে ১১ জনের বিপক্ষে আমাদের ১০ জন নিয়ে খেলতে যে সমস্যা হয়েছে, তাতে ৫০ মিনিট ১১ জনের বিপক্ষে ৯ জন নিয়ে খেললে কী হতো, তা শুধু কল্পনা করতে পারি।’ রেফারির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে রেফারিং নিয়োগ কমিটিকেও এক হাত নেন মরিনহো, ‘কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই, এমন একজন ৪১ বছর বয়সীকে গুরুত্বপূর্ণ এক ম্যাচে রেফারিং করতে দিয়েছে তারা। এটা অবশ্যই এই কারণে নয় যে, তিনি একজন গ্রেট রেফারি। তারপর বেচারা এখানে এসে চাপ সামলাতে পারেননি। আর এটা সত্যিই প্রচণ্ড চাপের ম্যাচ। এই স্টেডিয়ামে আমি এটাকে বলি ‘আশির দশকের চাপ’, যা আজকাল দেখাই যায় না।’
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বেশ তীক্ষ্ণ জবাব দেন রিয়ার মাদ্রিদ কোচ, ‘তারা (রেফারি) যদি আমাদের শান্তিতে থাকতে দেয় এবং বাকি সবার সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেয়, তার পরও আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমি এটা বলতে চাই না যে, এটা সাজানো ছিল... আমি বিশ্বাস করতে চাই, তারা কেবল একটি ভুল করেছে।’
রেফারিং নিয়ে মরিনহোর এসব মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করা হলে অ্যাথলেটিকো কোচ দিয়াগো সিমিওনি সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান, ‘আমাদের অন্যদের মতামত, রেফারি ও সহকর্মীদের সম্মান জানাতে হবে। কেউ যখন সেই সীমানা অতিক্রম করেন, তখন সেটা ঠিক নয়। সেই সীমানা অতিক্রম করা যায় না।’ ওই হারে সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে রিয়াল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে অ্যাথলেটিকো। সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
- বিষয় :
- হোসে মরিনহো
- রিয়াল মাদ্রিদ