ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাইফউদ্দিনের জায়গায় আলিস আল ইসলাম!

সাইফউদ্দিনের জায়গায় আলিস আল ইসলাম!
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪০

এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৯ সেপ্টেম্বর বোলিং অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। জাতীয় দলের ফিজিও বায়েজিদ উল ইসলাম খান বলেন, ‘শারীরিক পরীক্ষা ও এমআরআই স্ক্যান করার পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সুস্থ হতে তিন সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে সাইফউদ্দিনকে।’ 

২০তম এশিয়ান গেমসের ১৫ জনের চূড়ান্ত তালিকায় ছিলেন সাইফউদ্দিন। টি২০ সংস্করণে একজন কার্যকরী অলরাউন্ডার তিনি। দল থেকে ছিটকে যাওয়া বিকল্প পেসার নিতে হচ্ছে বিসিবিকে। ৩০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে স্পিনার আলিস আল ইসলামকে নেওয়া হতে পারে। তিনি চূড়ান্ত হলে সাইফউদ্দিনের জায়গায় অন্তর্ভুক্ত করা হবে। এজন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) অনুরোধ করা হয়েছে এশিয়ান গেমস কর্তৃপক্ষের কাছে আবেদন করার জন্য। 

এশিয়ান গেমসে খেলার জন্য জাতীয় ক্রিকেট দল জাপান যাবে ২৪ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর হংকং বা ওমানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিফাইনালে পাকিস্তান বা শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন লিটন কুমার দাসরা। তবে গেমসে বাংলাদেশের প্রার্থনা থাকবে বৃষ্টির কারণে যেন ম্যাচ পরিত্যক্ত না হয়। কারণ গেমসের নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল উন্নীত হবে পরের ধাপে। 

এশিয়ান গেমসের ম্যাচগুলো আন্তর্জাতিক হওয়ায় প্রতিটি দেশ জাতীয় দল নিয়ে খেলছে। বাংলাদেশ, ভারতের মতো শ্রীলঙ্কা, পাকিস্তানও সেরা দল পাঠাচ্ছে। ফলে গেমসের কোনো ম্যাচই সহজ হবে না। ফাইনালে খেলতে হলে কোয়ার্টার ও সেমিফাইনালে সেরাটা উজাড় করে দিতে হবে লিটনদের। ক্রিকেটাররা সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন। ১২ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছে। গতকাল সোমবার নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচও খেলেছেন তাওহীদ হৃদয়রা। আজও হবে একটি প্রস্তুতি ম্যাচ।

আরও পড়ুন

×