ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে :শিক্ষামন্ত্রী

গ্রিন ইউনিভার্সিটির সমাবর্তন

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে :শিক্ষামন্ত্রী

প্রকাশ: ১৯ জুন ২০২১ | ১৮:৪৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৬:০০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে বাংলাদেশকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে ইতোমধ্যেই আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সফলতার প্রমাণ রেখেছে, যা সবসময় আমাদের অনুপ্রাণিত করছে। গতকাল শনিবার বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দক্ষ মানবশক্তি তৈরিতে বিশ্বাসী এবং এ জন্য উচ্চশিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকারও শিক্ষার এই গুরুত্ব উপলব্ধি করে 'সবার জন্য শিক্ষা' লক্ষ্যের ওপর জোর দিয়ে আসছে। ইতোমধ্যেই সরকার বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। ভবিষ্যতে সব জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।
দীপু মনি বলেন, অনেক সন্দেহ ও সংশয় নিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ইতোমধ্যেই সেই সংশয় মিথ্যা প্রমাণিত হয়েছে। আগামীতে তারা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে স্থান পাবে- সেই বিশ্বাস আমাদের আছে।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। বক্তব্য দেন গ্রিন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফায়জুর রহমান। সমাবর্তনে মোট এক হাজার ৪৬৪ জনকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ছয়জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ১৩ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, একজন শিক্ষার্থীর জীবনে যতগুলো স্মরণীয় দিন আসে, তার মধ্যে অন্যতম হলো এই সমাবর্তন। ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যতের কাণ্ডারি। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা নিয়ে সরকারের ইতিবাচক চিন্তাভাবনা তুলে ধরেন।
অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ বলেন, সমাবর্তনের মাধ্যমে শুধু গ্র্যাজুয়েশন পর্বের সমাপ্তি ঘটছে না, বরং আজ থেকে জীবনের আরও একটি পর্বের সূচনা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×