ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসনের শিক্ষা সহায়তা পেল মেধাবী হারিসা

জেলা প্রশাসনের শিক্ষা সহায়তা পেল মেধাবী হারিসা
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ০৯:১১ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ০৯:২৪

বরিশালের বানারীপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিসাকে শিক্ষা সহায়তা দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে হারিসা।

রোববার বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ২০ হাজার টাকার একটি চেক হারিসা ও তার বাবার হাতে তুলে দেন।

হারিসা বরিশালের বানারীপাড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিজানুর রহমান হাওলাদার ও রাজিয়া বেগম দম্পতির তৃতীয় সন্তান। দারিদ্রতার সঙ্গে লড়াই করেও পড়াশোনা চালিয়ে গেছেন সাদিয়া আফরিন হারিসা। ফলস্বরূপ এবারের এমবিবিএস রাজশাহী মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে অদম্য এই মেধাবী। হারিসার বাবা পেশায় একজন রিকশাচালক।

অভাবনীয় এই সাফল্যের প্রসঙ্গে হারিসা বলেন, ২০১৪ সালে আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন আমরা ঠিকমতো মায়ের চিকিৎসাও করাতে পারিনি। আমি তখন ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী। তখন থেকেই মনে স্বপ্ন পুষেছিলাম, পড়াশোনা করে ডাক্তার হবো। দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা দেব।

এর আগে রোববার বিকাল সাড়ে ৫টায় বরিশাল নগরীর আলেকান্দাস্থ সরকারি শিশু পরিবারে (বালিকা) আয়োজিত ইফতার মাহফিল ও ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে হারিসা এবং হারিসার বাবা মো. মিজানুর রহমান হাওলাদার ও মা রাজিয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

এসময় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার,  প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×