পদ্মা সেতু উদ্বোধনের খবরে বিএনপির মাথা খারাপ: মির্জা আজম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২২ | ০৩:৩৩ | আপডেট: ০৪ জুন ২০২২ | ০৩:৩৩
পদ্মা সেতু উদ্বোধনের খবর শুনে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
শনিবার শরীয়তপুর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আজম বলেন, পদ্মা সেতু নির্মাণ বর্তমান আওয়ামী লীগ সরকারের এক বিরাট সাফল্য। সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনা এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছেন। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এই সেতু উদ্বোধনের খবরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতু নির্মাণের কৃতিত্ব আমরা যাতে নিতে না পারি সেজন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষের দৃষ্টি অন্য দিকে ঘোরাতে চাইছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না।
তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মরণীয় ঐতিহাসিক জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটানো হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম।
প্রয়াত নেতাদের স্মরণে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
- বিষয় :
- পদ্মা সেতু
- মির্জা আজম
- শরীয়তপুর