স্বামী দ্বিতীয় বিয়ে করায় ওড়না পেঁচিয়ে নারীর ‘আত্মহত্যা’
রানী খাতুন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:০৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:০৭
বগুড়ার আদমদীঘিতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় রানী খাতুন (২৬) নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
রানী খাতুন ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি রাজশাহী পটিয়ার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের রাহিম মুন্সির স্ত্রী এবং এক সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হারুনুর রশিদ জানান, ৯ বছর আগে রানী খাতুনের সঙ্গে ব্যবসায়ী রাহিম মুন্সির বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। এক মাস আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকে রানী খাতুন ও তার স্বামীর মনোমালিন্য হয়। গত ৪ ফেব্রুয়ারি রানীর স্বামী সন্তানকে রেখে তাকে তাড়িয়ে দিলে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকে রানীকে তার স্বামী মোবাইল ফোনে নানাভাবে মানসিক নির্যাতন করা শুরু করেন। এর এক পর্যায়ে আজ দুপুরে মাটির ঘরের দ্বিতীয় তালায় তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে স্বামী রাহিম মুন্সির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টির সত্যতা স্বীকার করে আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান সমকালকে বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- আদমদীঘি
- আত্মহত্যা
- ওড়না পেঁচিয়ে আত্মহত্যা