ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

এইবার আর পার পাবেন না: আ'লীগ‌কে দুদু

এইবার আর পার পাবেন না: আ'লীগ‌কে দুদু
×

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন দুদু- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১৮

আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আগামী নির্বাচন অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে হবে। এইবার পার পাবেন না। পার পাওয়ার কোনো পথ নেই।’

তিনি বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) যত কিছুই করেন না কেন আপনাদের পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভাঙতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন খাইরুল কবির খোকন। বারবার নির্বাচিত সংসদ সদস্য। এরকম একজন ব্যক্তির উপর আক্রমণ করা মানে দেশের স্বাধীনতা, গণতন্ত্রের ওপর আক্রমণ করা। মুক্তিযোদ্ধা আবু সালেহকে কোমরে দড়ি বেঁধে ও হাতে হ্যান্ডকাপ পরি‌য়ে আদালতে হাজির করা হয়েছে। এরা সালেহকে কোমরে দড়ি বাঁধেনি, এরা দেশের গণতন্ত্রের কোমরে দড়ি বেঁধেছে। দেশের স্বাধীনতার কোমরে দড়ি বেঁধেছে। এদের বিচার হওয়া উচিত। তথাকথিত মুক্তিযুদ্ধের অনুসারীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বিএনপির গণতন্ত্রের ইলেকশনের বাইরে কী কোনো পথ আছে। ওবায়দুল কাদের সাহেব, আপনারা যে সংবিধানকে ধ্বংস করেছেন এটা এক মিনিটের মধ্যে ঠিক করা যায়।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বাংলাদেশে আর কিছুদিন পরে নির্বাচন। বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। বিএনপি এ পর্যন্ত যতবার ক্ষমতায় গেছে, নির্বাচনের মাধ্যমে গেছে। ভালো নির্বাচনের জন্য আমরা কেয়ারটেকার সরকারের কথা বলেছি। নির্বাচনের মাধ্যমেই এই সরকারকে পতন ঘটাতে চাই। কিন্তু সাজানো নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চান, এই স্বপ্ন বাদ দেন। আগামী দিনের সরকার হবে গণতন্ত্রের স্বপক্ষের সরকার। সেটা হবে বিএনপি সরকার। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার।’

তিনি বলেন, ‘বিএনপি ২৭ দফা দিয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আওয়ামী লীগ বিদেশে যে টাকা পাচার করেছে সে টাকা ফেরত আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর সেই জন্যেই আগামী নির্বাচন অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম প্রমুখ।

আরও পড়ুন

×