বর্ষার আগেই ভাঙন রোধে কাজ করা হচ্ছে : উপমন্ত্রী
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ফাইল ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৮:০০
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আগামী বর্ষার আগেই নদীভাঙন রোধে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয়। কোথাও যেন ভাঙন না হয়, সে লক্ষ্যে আগেই কাজ করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজংয়ে দিনব্যাপী বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪৭৮ কোটি টাকা ব্যয়ে দুই উপজেলায় পদ্মা নদীর বাম তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এনামুল হক শামীম বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে। কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতা ও নদীভাঙন থেকে রক্ষা পাবে।
উপমন্ত্রী আরও বলেন, কার্যকর ব্যবস্থা নেওয়ায় গত ১৩ বছরে দেশে নদীভাঙনের পরিমাণ সাড়ে ৯ হাজার হেক্টর থেকে সাড়ে ৩ হাজার হেক্টরে নেমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের মুখে স্থায়ী হাসি দেখতে চান। দুর্নীতি যাতে না হয় এবং কাজের গুণগত মান বজায় থাকে, সে জন্য নিয়মিত তদারক করা হচ্ছে। গাফিলতি, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।
এ সময় উপমন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসিন এমিলি, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল) মো. তাহমিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) দেওয়ান আইনুল হক, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ প্রমুখ।