ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যুবকের সাহসিকতায় শহর থেকে বানর উদ্ধার

যুবকের সাহসিকতায় শহর থেকে বানর উদ্ধার
×

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ০৭:৫৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ০৮:০২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চলন্ত পিকআপভ্যান থেকে শিকলে বাঁধা অবস্থায় একটি বানরকে উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দিয়েছেন এস কে দাশ সুমন নামের এক যুবক। 

শিকলে বাঁধা অবস্থা থেকে মুক্ত হয়ে বর্তমানে বানরটি লাউয়াছড়ার জানকি ছড়ার রেসকিউ সেন্টারে আছে। বনের পরিবেশের সাথে খাপ খাইয়ে পুনরায় তাকে বনে মুক্ত ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। 

সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলেজ সড়ক এলাকায় এই ঘটনাটি ঘটে। 

বানরটি উদ্ধার করা যুবক এস কে দাশ সুমন বলেন, সকালে অফিসে যাওয়ার সময় একটি মাল বোঝাই পিকআপ ভ্যানে একটি বন্য বানরকে শিকলে বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি ভ্যানটির পিছু নিয়ে কলেজ সড়কের সাব রেজিষ্ট্রার কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানটি আটকে বানরটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেই। তারা এসে উদ্ধার করে। 

তিনি বলেন, দেশের বন্যপ্রাণীদের প্রতি মানুষের নির্দয় আচরণে আজ দেশের পরিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে। সবাইকে বন্যপ্রাণীকে রক্ষায় কাজ করতে হবে।

বন ও বন্যপ্রাণী রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক হৃদয় দাশ শুভ বলেন, বন্যেরা বনে সুন্দও, শিশুরা মাতৃকুলে। বনের প্রাণীদের বনেই ভালো মানায়। দিন দিন বনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে বন্যপ্রাণীরা বনে থাকতে পারছে না। বন ছেড়ে লোকালয়ে চলে আসছে। আর কিছু দুষ্ট লোক এই সুযোগে বন্যপ্রাণীকে আটকে ব্যবসা করছে। বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা থাকতে হবে সবার।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, উদ্ধারকৃত বানরটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। দীর্ঘদিন লোকালয়ে শিকলে বাঁধা অবস্থায় থাকায় বানরটি সহজাত প্রবৃত্তি হারিয়ে ফেলেছে। আমরা তাকে পরিচর্চার মাধ্যমে বনের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য কিছু দিন রেসকিউ সেন্টারে রেখে তাকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করবো।

আরও পড়ুন

×