৩ মাসের শিশু ও আড়াই লক্ষাধিক টাকাসহ নারী অপহরণকারী আটক
ছবি: গুগল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০১৯ | ১১:৫৯ | আপডেট: ১২ মে ২০১৯ | ১২:১২
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩ মাসের শিশু ও আড়াই লক্ষাধিক টাকাসহ জেসমিন আক্তার (২৭) নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে শিশুটিকে নিয়ে মোটরসাইকেলযোগে পালাবার সময় উপজেলার কাঁঠালতলী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
অপহরণকারী জেসমিন বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের মৃত মো. শাহজাহান মল্লিকের মেয়ে।
কাঁঠালতলী পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো. রফিকুল ইসলাম সমকালকে জানান, অপহরণকারী জেসমিন আক্তার ৩ মাসের একটি শিশুকে নিয়ে মোটরসাইকেলযোগে বরিশালের দিকে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে তাকে আটক করা হয়। এসময় জেসমিনের কাছ থেকে ২ লাখ ৬২ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা-মা’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অপহরণকারী জেসমিনকে বরগুনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
- বিষয় :
- মির্জাগঞ্জ
- অপহরণ