নিখোঁজের ৫ দিন পর অটোচালকের মরদেহ মিলল নদীতে
সোমবার সকালে নরসুন্দা নদীতে পাওয়া যায় অটোচালক রকির মরদেহ - সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ০৬:২০ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ০৬:২০
অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার পাঁচদিন পর নদীতে পাওয়া গেছে অটোচালক রকি ওরফে বাবুর (১৮) মরদেহ।
সোমবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পাশে নরসুন্দা নদীতে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত রকি সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি এলাকার শাহীন মিয়ার ছেলে।
যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানান, গত ১৬ আগস্ট রাতে একই এলাকার বাবুল মিয়ার ছেলে রবি (১৮) ও আব্দুল কাদিরের ছেলে রাজন (১৮) রকির অটোরিকশায় চড়ে তাকে নির্জন জায়গা নিয়ে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে অটোরিকশাটি শহরতলির সতাল এলাকায় পাওয়া যায়। এ ঘটনায় রবিকে আটক হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, রকির লাশ মর্গে পাঠানো হয়েছে। রকির বাবা আগেই থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেছিলেন। সেটি এখন মামলা হিসেবে রেকর্ড হচ্ছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- অটোচালকের মরদেহ উদ্ধার