ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ল শিক্ষকের ঘর
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২০ | ১০:৪৯
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিক্ষক পরিবারের দুটি ঘরসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। শনিবার দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংড়ী গ্রামের শিক্ষক আবদুল আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পাশের পস্তারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার ছেলে ফজলুল হক মাহবুব পস্তারি উচ্চ বিদ্যালয়েই কর্মরত রয়েছেন।
জানা গেছে, শনিবার বেলা দেড়টার দিকে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পরনের কাপড় ছাড়াও গৃহস্থালীর কোনো জিনিস রক্ষা করা যায়নি।
আবদুল আজিজ বলেন, নামাজের নিয়ত করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে তার পরিবারের সব সম্বল শেষ হয়ে গেছে।’ স্থানীয় মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল নোমান বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা আগুন নেভানোর পরে ঘটনাস্থলে আসে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেতে চাইলে স্থানীয় লোকজন বাঁধা সৃষ্টি করে। তারা গাড়ি থেকে নামতেই পারেননি।
- বিষয় :
- ঈশ্বরগঞ্জ
- অগ্নিকাণ্ড
- ময়মনসিংহ