নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস-অটোরিকশা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বাস টার্মিনাল। ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০০
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে দ্বিতীয় দিনের মতো জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই রোববার সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার সকাল ১০টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোনো বাস ছেড়ে যাচ্ছে না। বাসগুলো টার্মিনালে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। একইভাবে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশাও চলাচল করতে দেখা যায়নি। ফলে যাত্রীরা ইজিবাইকে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তবে পার-নওগাঁ এলাকায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস ও অটোরিকশার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে মহন্ত পরিবহনের বাসচালক ও তাঁর সহকারীর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার দুপুর ১টার দিকে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি চালকেরা সংঘবদ্ধ হয়ে বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করেন।
গুরুতর আহত রুবেল হোসেন ও তাঁর সহকারীকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল ৭টা থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়া রুটসহ অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে বাস শ্রমিকেরা সিএনজিচালিত অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছেন। অটোরিকশা চালানোর চেষ্টা করায় কয়েকজন চালকের ওপর হামলা এবং প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল মন্ডল বলেন, সংঘর্ষের ঘটনায় বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। বাস শ্রমিকেরা অটোরিকশাও চলাচল করতে দিচ্ছেন না।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের প্রতিবাদে ধর্মঘট চলছে। তাঁদের দাবি, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মহাসড়কে অটোরিকশাসহ সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানান তাঁরা।
এদিকে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ থাকায় অফিসগামী ও দূরপাল্লার যাত্রীরা ইজিবাইকসহ বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।
- বিষয় :
- বাস টার্মিনাল
- ভোগান্তি
- নওগাঁ